...|...|...

সারাদেশ

খুলনায় একযোগে পুলিশের ২৮ সদস্যকে প্রত্যাহার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
Shares
খুলনায় একযোগে পুলিশের ২৮ সদস্যকে প্রত্যাহার

পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন। শুক্রবার খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দায়িত্ব পালনের পাশাপাশি অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া সদস্যরা খুলনা রেঞ্জের আওতাধীন খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ছিলেন। তাদের মধ্যে থানার পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করা সদস্যও রয়েছেন। সংশ্লিষ্ট ইউনিটগুলোতে তারা ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশের দায়িত্ব অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু দায়িত্ব পালনের সময় কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে অনৈতিক সুবিধা গ্রহণ করলে তা বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে মামলা গ্রহণ, তদন্ত, অপরাধ দমন কিংবা অভিযান পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজে অর্থ বা অন্য সুবিধার বিনিময়ে পক্ষপাতের অভিযোগ পুলিশের প্রতি মানুষের আস্থাকে দুর্বল করে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমেই পুলিশ বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পুলিশ সদস্যদের অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বাহিনীর প্রতি মানুষের আস্থা তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে আইজিপিরও। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা রেঞ্জজুড়ে একযোগে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।