...|...|...

খেলা

ক্যাচ মিস নিয়ে শান্তর যুক্তি, ‘এগুলো হবেই’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:০১
Shares
ক্যাচ মিস নিয়ে শান্তর যুক্তি, ‘এগুলো হবেই’

ছবি: সংগৃহীত

প্রায় দেড় দিন সময় পেয়েও আফগানিস্তানের শেষ ইনিংসের সব উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। ফলে জয়ের সম্ভাবনা জাগিয়েও আবুধাবি টেস্ট ড্র মেনে নিতে হয়েছে টাইগারদের। ম্যাচে ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও দুর্বল ফিল্ডিং নিয়ে হতাশা থাকলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ক্যাচ মিস অনাকাঙ্ক্ষিত হলেও ভালো দল হতে হলে এসব সুযোগ কাজে লাগানো শিখতে হবে।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শান্ত।

ক্যাচ মিস নিয়ে তিনি বলেন, ‘ক্যাচ মিস! এগুলো হবেই। কেউ তো ইচ্ছা করে করে না। সবাই চেষ্টা করে অনুশীলনে। এগুলো হবে। তবে যদি ভালো দল হতে চান, ম্যাচ জিততে চান, তাহলে এসব সুযোগ নেওয়া শিখতে হবে। চা বিরতির পর আরও ৩-৪ উইকেট নেওয়ার অভিজ্ঞতা আমাদের খুবই কম। এটাও শেখার জায়গা যে এমন পরিস্থিতিতে কীভাবে আমরা আরও উইকেট নিতে পারি।’

ম্যাচ জিততে না পারার হতাশাও লুকাননি বাংলাদেশ অধিনায়ক। তবে পুরো ম্যাচে দলের পারফরম্যান্সকে খারাপ বলতে রাজি নন তিনি। শান্ত বলেন, ‘(ম্যাচ জিততে না পারা) অবশ্যই একটু তো হতাশাজনক। তবে বলব না যে আমরা খুব খারাপ ক্রিকেট খেলেছি। বিশেষ করে আজকে বোলাররা যেভাবে কষ্ট করেছে, এই গরমে।’

ড্র হওয়া ম্যাচে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে অনন্য কীর্তি গড়েন লিটন কুমার দাস। দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৫৩ ও ১০৩ রান। পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করে টেস্ট ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।

লিটনের পারফরম্যান্সের প্রশংসা করে শান্ত বলেন, ‘লিটন ভাই যেভাবে খেলেছে এই ম্যাচ। দারুণ দুটি ইনিংসের সাথে এত লম্বা সময় কিপিং করা, ৯-১০টা ডিসমিসালও ছিল। দারুণ কামব্যাক, (আগের) ৩ ইনিংসে ভালো করতে না পারার পর এভাবে ফিরে আসা দারুণ ছিল।’

এদিকে স্পিনার নাঈম হাসানের তুলনামূলক কম ওভার বোলিং করার বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক। তার মতে, ম্যাচের শুরুতে কন্ডিশন দেখে পেসারদের এত দীর্ঘ সময় বোলিং করতে হবে, তা ধারণা করা যায়নি। ফলে পেসারদের বেশি বোলিং করতে হয়েছে।

শান্ত বলেন, ‘হাসান(মাহমুদ)-এবাদত (হোসেন চৌধুরী) অনেক বল করেছে। প্রথমে কন্ডিশন দেখে মনে হয়নি পেসাররা এত লম্বা সময় বল করবে। সে তুলনায় নাঈমের বোলিং একটু কম হয়েছে। (মেহেদী হাসান) মিরাজ এবং তাইজুল (ইসলাম) ভাই ভালো করেছে। সেখানে নাঈম একটু আনলাকি ছিল। তবে নাঈম যখনই এসেছে তার সেরাটা দিয়েছে।’

সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করায় হতাশ বাংলাদেশ। ক্যাচ মিস ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে না পারার ঘাটতি কাটিয়ে ওঠার পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আরও কার্যকর হওয়ার দিকেই এখন নজর দিতে হবে দলটিকে।