...|...|...

খেলা

কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক ভারতীয় ক্রিকেটারের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৭
Shares
কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক ভারতীয় ক্রিকেটারের

ছবি: সংগৃহীত

ভারতের হয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা লেগ স্পিনার অমিত মিশ্র অভিযোগ করেছেন, চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ার পরও জাতীয় দলে ফেরার সুযোগ পাননি তিনি। তার দাবি, তৎকালীন কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলি তাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সুস্থ হয়ে ফেরার পর কোহলির সাথে যোগাযোগ করেও সাড়া পাননি তিনি। ফোন করেও সাড়া না পেয়ে একপর্যায়ে বিষয়টি নিয়ে আর এগোননি ভারতের সাবেক এই ক্রিকেটার।

সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার পডকাস্ট ‘বাইঠ অ্যান্ড বোল’-এ এসব কথা বলেন মিশ্র। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে চোট পাওয়ার পরই ভারতের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত থেমে যায়।

চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সময় ভারতের কোচ ছিলেন অনিল কুম্বলে। মিশ্র জানান, তখন কুম্বলের সাথে কথা বললে তিনি সুস্থ হয়ে ফিরলে আবার দলে সুযোগ পাওয়ার আশ্বাস দিয়েছিলেন।

মিশ্র বলেন, ‘চোটে যখন দল ছাড়ি, তখন অনিল কুম্বলে কোচ ছিলেন। আমি তাকে বললাম, “অনিল ভাই...”। তিনি বললেন, “চিন্তা কোরো না। তুমি ফিট হলেই আবার দলে ফিরবে।”’

পরে অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেও একই ধরনের আশ্বাস পেয়েছিলেন বলে জানান মিশ্র। কী করলে দলে ফিরতে পারবেন, তা জানতে কোহলির সাথে কথা বলেছিলেন তিনি। তখন পুরোপুরি ফিট হয়ে স্বচ্ছন্দবোধ করলেই দলে জায়গা পাবেন বলে তাকে জানানো হয়েছিল।

মিশ্রর ভাষায়, ‘এরপর বিরাট কোহলি অধিনায়ক হলো। আমিও ওকে জিজ্ঞেস করলাম, “ভাই, আমাকে কী করতে হবে?” ও বলল, “চিন্তা কোরো না। পুরোপুরি ফিট হয়ে স্বচ্ছন্দবোধ করো, তাহলেই তুমি দলে থাকবে।”’

তবে সুস্থ হয়ে মাঠে ফেরার পরও জাতীয় দলে ফেরার বিষয়ে কোনো নিশ্চিত বার্তা পাননি বলে দাবি করেন মিশ্র। তার বক্তব্য, কোহলি এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে এ বিষয়ে জানাবেন বলেছিলেন। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো উত্তর আসেনি।

মিশ্র বলেন, ‘আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, “ভাই, পরিস্থিতি কী?” ও বলল, “এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে তোমাকে জানাব।” এরপর এক সপ্তাহ গেল, দুই সপ্তাহ গেল, তিন সপ্তাহও পার হয়ে গেল। কিন্তু কোনো খবর নেই। আমি ফোন করলাম, ও ধরল না। বার্তা পাঠালাম, জবাবও দিল না।’

একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ার কথা জানান এই লেগ স্পিনার। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে আর চেষ্টা চালিয়ে যাননি তিনি।

মিশ্র বলেন, ‘আমি আবার ফোন করলাম, ও ধরল না। আরও দুবার ফোন করলাম, তবু কোনো সাড়া নেই। আমিও এরপর বিষয়টি ছেড়ে দিলাম। ভাবলাম, আর কী করা যাবে? কেউ যদি আপনাকে না চায়, তাহলে আপনি কী করতে পারেন?’

নিজের পরিস্থিতির সাথে অন্য ক্রিকেটারদের চোট থেকে ফিরে জাতীয় দলে সুযোগ পাওয়ার ঘটনাও তুলনা করেছেন মিশ্র। তার দাবি, তার চেয়ে গুরুতর চোটে পড়া এবং দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা ক্রিকেটাররাও সুস্থ হয়ে জাতীয় দলে ফিরেছেন। কিন্তু তার ক্ষেত্রে তেমন সুযোগ আসেনি।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচটিই ছিল ভারতের হয়ে মিশ্রর শেষ আন্তর্জাতিক ম্যাচ। ২০০৩ সালে ঢাকায় টিভিএস কাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার। তবে জাতীয় দলে নিয়মিত হতে সময় লেগেছিল। ভারতের হয়ে সব মিলিয়ে ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টি খেলেছেন এই লেগ স্পিনার। আইপিএলেও দুই বছর আগপর্যন্ত খেলেছেন তিনি।