...|...|...

অন্যান্য

কোলাজেন সাপ্লিমেন্ট কতটা প্রয়োজন?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫১
Shares
কোলাজেন সাপ্লিমেন্ট কতটা প্রয়োজন?

ছবি: সংগৃহীত

ত্বকের উজ্জ্বলতা, বলিরেখা কমিয়ে প্রাণবন্ত করতে, চুল ও নখ ভালো রাখা কিংবা হাড় ও জয়েন্টের সুস্থতার কথা বিবেচনা করলেই বর্তমানে কোলাজেনের কথা উঠে আসে। বাজারে কোলাজেন পাউডার, ক্যাপসুল বা বিভিন্ন ফর্মে সহজলভ্য হওয়ায় অনেকেই নিয়মিত এসব সাপ্লিমেন্ট গ্রহণ করছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন সুস্থ মানুষের প্রতিদিন কোলাজেন সাপ্লিমেন্ট গ্রহণ করা কি সত্যিই প্রয়োজন? নাকি প্রতিদিনের স্বাভাবিক খাদ্য তালিকা থেকেই শরীরের কোলাজেন তৈরির প্রয়োজনীয় উপাদান পাওয়া সম্ভব?

বিষয়টি নিয়ে বিস্তারিত:কোলাজেন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রোটিন যা ত্বক, হাড়, টেন্ডন, লিগামেন্টসহ বিভিন্ন সংযোজক টিস্যুর গঠন ও দৃঢ়তা বজায় রাখতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে শরীরে কোলাজেন তৈরির হার ধীরে ধীরে কমতে থাকে। তবে শরীরের জন্য প্রয়োজনীয় কোলাজেন পেতে সবসময় বাইরে থেকে কোলাজেন সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করতে হবে—বিষয়টি এমন নয়।

আমাদের শরীর প্রাকৃতিকভাবে নিজেই বিভিন্ন অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে কোলাজেন তৈরি করতে পারে।এখানেই প্রতিদিনের খাদ্যাভ্যাসের গুরুত্ব সবচেয়ে বেশি দেয়া প্রয়োজন। শরীরে কোলাজেন তৈরির জন্য পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি ভিটামিন 'সি', জিঙ্ক ও কপারের মতো কিছু পুষ্টি উপাদান প্রয়োজন হয়। মাছ, ডিম, মাংস, দুধ ও দুধজাত খাবার, ডাল, ছোলা,মিক্সড সীড এবং সয়াবিনের মতো খাবার থেকে প্রয়োজনীয় প্রোটিন পাওয়া যায়। অন্যদিকে সাইট্রাস ফলমূল বিশেষত পেয়ারা, আমলকী, লেবু, কমলা, টমেটো ও বিভিন্ন শাকসবজি ভিটামিন 'সি'-এর ভালো উৎস। ভিটামিন 'সি' কোলাজেন তৈরির জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রাকৃতিকভাবে মাছের চামড়া, মুরগির চামড়া, হাড় ও সংযোজক টিস্যুসমৃদ্ধ কিছু অংশ এবং জেলাটিনে কোলাজেন থাকে। তবে সুস্থ মানুষের জন্য প্রতিদিন আলাদাভাবে কোলাজেন গ্রহণের বিষয়কে গুরুত্ব না দিয়ে সামগ্রিক ডায়েটে মনোযোগী হওয়া প্রয়োজন।  তাই শুধু কোলাজেনের পরিমাণ হিসাব না করে সামগ্রিক খাদ্যতালিকা সুষম রাখা উচিত।

তবে কোলাজেন সাপ্লিমেন্টকে একেবারে অপ্রয়োজনীয় বলাও এক্ষেত্রে ঠিক নয়। কিছু গবেষণায় হাইড্রোলাইজড কোলাজেন সাপ্লিমেন্ট ব্যবহারে ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতায় উন্নতি এবং কিছু ক্ষেত্রে জয়েন্টের ব্যথা কমার সম্ভাবনা দেখা গেছে। ফলে শুধু ত্বক ভালো রাখা বা বয়সের ছাপ ঠেকানোর জন্য প্রত্যেক সুস্থ মানুষের কোলাজেন সাপ্লিমেন্ট গ্রহণ বাধ্যতামূলক—এমন বৈজ্ঞানিক ভিত্তি বা ব্যাখ্যা নেই।

বিশেষ কোনো ব্যক্তির রোগ, পুষ্টির ঘাটতি, খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি গ্রহণে সমস্যা কিংবা নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজন থাকলে চিকিৎসক ও একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ বিবেচনা করা উচিত।কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা দেখে বা দ্রুত ত্বকের পরিবর্তনের জন্য নিজের সিদ্ধান্তে দামি সাপ্লিমেন্ট শুরু করা কখনোই প্রয়োজনীয় নয়।

পাতে কোলাজেনের জন্য তাই প্রথম মনোযোগ 

দেওয়া উচিত খাবারের দিকে। পর্যাপ্ত প্রোটিন সংযুক্ত করা, প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের মৌসুমী ফল ও শাকসবজি, পর্যাপ্ত ভিটামিন ও খনিজ, পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত শারীরিক কার্যক্রম, ধূমপান এড়িয়ে চলা, হাইড্রেশন নিশ্চিত করা,স্ট্রেস ম্যানেজমেন্ট এবং অতিরিক্ত সূর্যালোক থেকে ত্বককে সুরক্ষা দেওয়ার অভ্যাস সামগ্রিকভাবে এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। একটি সুষম খাদ্য শুধু কোলাজেন তৈরির উপাদানই সরবরাহ করে না, একই সঙ্গে শরীরের অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে।তবে কোন ব্যক্তির জন্য ডায়েটে কি পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে তা অবশ্যই একজন পুষ্টিবিদ নির্ধারন করে দিবেন।

সুতরাং কোলাজেনকে ঘিরে অতিরিক্ত নির্ভরশীল হওয়ার তেমন প্রয়োজন নেই। দামি সাপ্লিমেন্টের আগে নিজের প্রতিদিনের খাবারের দিকে সচেতনতা প্রয়োজন।

পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান
ইসরাত জাহান প্রিয়ানা
জেজি হেল্থকেয়ার,
হেমায়েতপুর সেন্ট্রাল হসপিটাল,
এভার ড্রীম ফার্টিলিটি কেয়ার