...|...|...

বিনোদন

কেন নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৫
Shares
কেন নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বই

সালমান শাহকে নিয়ে লেখা বই ‘সালমান শাহ, নক্ষত্রের আত্মহত্যা’। ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তাকে কেন্দ্র করে রহস্য ও বিতর্ক এখনো থামেনি।

১৯৯৬ সালে এই জনপ্রিয় চিত্রনায়কের মৃত্যুর পর সময়ে সময়ে নানা প্রশ্ন সামনে এসেছে। এই আলোচনায় একসময় নতুন মোড় নিয়ে আসে একটি বই, যা প্রকাশের কয়েক দিনের মাথায়ই নিষিদ্ধ হয়ে যায়।

বইটির নাম ছিল ‘সালমান শাহ, নক্ষত্রের আত্মহত্যা’। সাংবাদিক রবি আরমান এটি রচনা করেন এবং ১৯৯৭ সালে বইটি বাজারে আসে।

বইয়ে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে চিহ্নিত করা হয়েছিল, যা তার পরিবারের কড়া আপত্তির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সালমান শাহর মা নীলা চৌধুরী অভিযোগ করেন, বইটিতে তার ছেলের মৃত্যু সম্পর্কে ভুল ও সম্মানহানিকর তথ্য দেওয়া হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে তিনি লেখক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালত বইটির বিক্রি ও বিতরণে নিষেধাজ্ঞা জারি করেন এবং বাজারে থাকা কপিগুলোও জব্দ করা হয়।

ফলে প্রকাশের অল্প সময়ের মধ্যেই বইটি সাধারণ পাঠকদের নাগালের বাইরে চলে যায়।

লেখক রবি আরমান তখন পূর্ণিমা ম্যাগাজিনের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ সালের শেষভাগে তিনি মারা যান।

বইটিতে শুধু সালমান শাহের মৃত্যু-রহস্যই নয়, বরং তার জীবনকাহিনি এবং সে সময়কার ঢাকাই চলচ্চিত্র জগতের নানা ঘটনাও স্থান পেয়েছিল। এমনকি বইয়ের প্রচ্ছদেও নায়ককে ঘিরে আবেগ, বিষাদ ও রহস্যের আবহ ফুটিয়ে তোলা হয়েছিল।