...|...|...

সারাদেশ

কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৮
Shares
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম। ছবি: টাইমস টুডে

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে তিন জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।

সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকেরা যাতে সহজে ও বিনা হয়রানিতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে জন্য সংগ্রহপ্রক্রিয়া সহজ করা হবে। ব্যাংক হিসাব খোলা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে কৃষকেরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলো বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজনে বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ধানের মূল্য পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জনগণের ঘরে সময়মতো নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহির সাথে দায়িত্ব পালন করতে হবে।

খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তা বজায় রাখতে চাল ও গমের পর্যাপ্ত মজুত এবং গুণগত মান নিশ্চিত করা জরুরি। আমদানিসহ সব উৎস থেকে সংগ্রহ করা খাদ্যশস্য নির্ধারিত মান পূরণ করলেই গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে মানের সাথে কোনো আপস করা যাবে না।

বিতরণব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী আরও বলেন, বিতরণ করা খাদ্যশস্যের প্যাকেটে নির্ধারিত সিল দিতে হবে। এতে অনিয়মের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি জোরদারের ওপরও গুরুত্ব দেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদানের ব্যবহার নিয়ন্ত্রণ এবং খাদ্য পরীক্ষার কার্যক্রম বাড়াতে ভবিষ্যতে দেশের ৬৪ জেলায় পরীক্ষার যানবাহন সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান ও অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন। এ সময় খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে খাদ্যমন্ত্রী নগরীর জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।