দেখতে অনেকটা শুকনো কাঠের টুকরোর মতো। স্বাদে মিষ্টি হওয়ায় সহজেই চেনা যায় এটি।
নাম যষ্টিমধু। আয়ুর্বেদে পরিচিত এই ভেষজটি দীর্ঘদিন ধরে গলার অস্বস্তি, কাশি ও হজমের সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে। তবে শুধু গলার যত্নেই নয়, ত্বক ও চুলের পরিচর্যাতেও রয়েছে এর ব্যবহার।
যষ্টিমধু বিভিন্নভাবে ব্যবহার করা হয়। কখনো ক্বাথ বা ভেষজ চা হিসেবে, কখনো মধু কিংবা গরম দুধের সাথে মিশিয়ে। আবার পানিতে ভিজিয়ে বা গুঁড়া করেও ব্যবহার করা হয়।
১. গলার অস্বস্তিতে আরাম দিতে পারে
আয়ুর্বেদে যষ্টিমধু গলার যত্নে বহুল ব্যবহৃত একটি ভেষজ। গলার খুসখুসে ভাব ও অস্বস্তি কমাতে এটি ব্যবহার করা হয়। কাশির সময়ও অনেকে যষ্টিমধু চিবিয়ে খান।
২. কণ্ঠস্বরের যত্নে ব্যবহার
গায়ক-গায়িকাদের কেউ কেউ যষ্টিমধুর ছোট টুকরো মুখে রেখে ধীরে ধীরে চিবিয়ে খান। এতে এর মিষ্টি রস ধীরে ধীরে বের হয়। গলায় জমে থাকা শ্লেষ্মা কমাতে সহায়ক হতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে।
৩. হজমের অস্বস্তিতে ব্যবহার
যষ্টিমধু দিয়ে তৈরি ক্বাথ বা ভেষজ পানীয় হজমের অস্বস্তি কমাতে আয়ুর্বেদে ব্যবহার করা হয়। পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের ওপরের অংশের কিছু সমস্যায়ও এর ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।
৪. মুখের ঘায়ে ব্যবহার
মুখের ভেতরে ঘা বা আলসারের সমস্যায় যষ্টিমধু ব্যবহারের প্রচলন রয়েছে। তবে মুখের ঘা দীর্ঘস্থায়ী হলে বা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৫. ত্বকের পরিচর্যায় ব্যবহার
ত্বকের যত্নেও যষ্টিমধুর গুঁড়া ব্যবহার করা হয়। অনেকে এটি দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। তবে সবার ত্বকে একইভাবে কাজ নাও করতে পারে। ব্যবহারের আগে ত্বকের ছোট একটি স্থানে পরীক্ষা করে নেওয়া ভালো।
৬. চুলের যত্নে ব্যবহার
চুলের পরিচর্যার বিভিন্ন ভেষজ উপাদানের মধ্যে যষ্টিমধুও রয়েছে। অনেকে এর গুঁড়া চুলের যত্নে ব্যবহার করেন। তবে চুলের বৃদ্ধি বা চুল পড়া কমানোর ক্ষেত্রে এর কার্যকারিতা নিশ্চিত নয়।
৭. সহজে গ্রহণ করা যায়
অনেক ভেষজের স্বাদ তেতো হলেও যষ্টিমধুর স্বাভাবিক স্বাদ মিষ্টি। এ কারণে অন্য অনেক ভেষজ উপাদানের তুলনায় এটি গ্রহণ করা সহজ। ছোট টুকরো চিবিয়ে খাওয়া, পানিতে ভিজিয়ে রাখা কিংবা ক্বাথ তৈরি করে পান করার প্রচলন রয়েছে।
সতর্কতা
প্রাকৃতিক উপাদান হলেও যষ্টিমধু ইচ্ছেমতো বা নিয়মিত খাওয়া নিরাপদ নয়। অতিরিক্ত বা দীর্ঘদিন ব্যবহারে রক্তচাপ বেড়ে যাওয়া, শরীরে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ বা কিডনির সমস্যা থাকলে এবং নিয়মিত ওষুধ সেবন করলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থাতেও যষ্টিমধু এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। তাই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মনে রাখতে হবে, যষ্টিমধু কাশি, গলাব্যথা কিংবা হজমের সমস্যার চিকিৎসার বিকল্প নয়।


