রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নারায়ণ দাস (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরবোয়ালিয়া এলাকার হরে কৃষ্ণ দত্ত ঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারায়ণ দাস উপজেলার চর-বোয়ালিয়া গ্রামের মৃত হরিপদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ল-৫৮-২৪২৩ নম্বরের একটি সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ হাট থেকে রতনদিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথমধ্যে মোটরসাইকেলটি হরে কৃষ্ণ দত্ত ঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারায়ণ দাসকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে পথচারী নারায়ণ দাস গুরুতর আহত হন ও মোটরসাইকেল চালক সোয়াইব (১৭) ও আরোহী তানভীর(১৮) আঘাতপ্রাত হন ৷
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে পথচারী নারায়ণ দাস মারা যান।
অন্যদিকে মোটরসাইকেল চালক সোয়াইব ও আরোহী তানভীরের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কালুখালী থানার এসআই শাহাদাত হোসেন নিহত নারায়ণ দাসের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


