...|...|...

সারাদেশ

কারাফটকে সন্তানের লাশ দেখে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৪
Shares
কারাফটকে সন্তানের লাশ দেখে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

কারাফটকে সন্তানের লাশ দেখে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী। ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ছেলের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে কারা কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়েছিলেন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি। শেষ পর্যন্ত স্বজনেরা ফ্রিজিং ভ্যানে করে ছেলের লাশ কারাগারে নিয়ে গেলে সেখানে সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের লাশ নিয়ে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বন্দি মাকে সন্তানের লাশ দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে লাশ নিয়ে কারাগার থেকে বের হয়ে যান স্বজনেরা।

শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নিপুন বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। খাওয়াদাওয়াসহ দৈনন্দিন প্রায় সব কাজেই মায়ের ওপর নির্ভরশীল ছিল সে। শারমিন গ্রেফতার হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে তূর্য। মায়ের অনুপস্থিতিতে ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ গ্রহণ করতে না পারায় অসুস্থ হয়ে একপর্যায়ে তার মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

শারমিনকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে নিপুন বলেন, আটকের আগে তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়। সন্তানের মৃত্যুর পর বাধ্য হয়েই লাশ কারাগারে নিয়ে এসেছেন তারা।

কারাগার থেকে বের হওয়ার পর শারমিনের ছোট বোন শাম্মী জানান, তার বোন ২০২২ সাল থেকে রাজনীতির সাথে যুক্ত নন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শাম্মী আরও বলেন, তার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। জামিন না পাওয়ায় ছেলের জীবনের শেষ সময়ে পাশে থাকতে পারেননি তিনি। সন্তানের শেষ বিদায় জানাতেও তাকে কারাগারের ফটকে আসতে হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শারমিন সুলতানার ছেলের লাশ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। পরে কারাবিধি অনুযায়ী বন্দি মাকে সন্তানের লাশ দেখার সুযোগ দেওয়া হয়েছে।