...|...|...

বিশ্ব

কারাগার থেকে ছাড়া পেলেন ইমরান খানের দুই বোন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৫
Shares
কারাগার থেকে ছাড়া পেলেন ইমরান খানের দুই বোন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন নুরিন খান ও উজমা খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের কোট লাখপাত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

তাদের আইনজীবী এবং ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

আইনজীবী রানা মুদাসসার জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নুরিন ও উজমা কারাগার থেকে বের হন। সরকার তাদের বিরুদ্ধে জারি করা যৌথ আটকাদেশ প্রত্যাহার করায় মুক্তির পথ তৈরি হয়। তবে ইমরান খানের আরেক বোন আলিমা খান এখনও কারাগারে রয়েছেন।

পিটিআই এক বিবৃতিতে বলেছে, দুই বোনের মুক্তি স্বস্তির হলেও এর মাধ্যমে ইমরান খানের পরিবারের ওপর চলমান হয়রানির অবসান হয়নি। দলটি পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও আর কোনো হয়রানিমূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি। সরকারবিরোধী সহিংসতার পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহ পর্যন্ত বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়েছে।

৭৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা এবং তার আইনজীবীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, রাজনৈতিকভাবে দুর্বল করা এবং জনপ্রিয়তা কমানোর উদ্দেশ্যে প্রতিহিংসামূলকভাবে এসব মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে পিটিআই বিক্ষোভের ডাক দেওয়ার পর আলিমা, উজমা ও নুরিন খানকে গ্রেফতার করা হয়। সরকার ওই বিক্ষোভকে অবৈধ ঘোষণা করেছিল। পরে তিন বোনের বিরুদ্ধে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়।

আইনজীবী মুদাসসার জানান, নুরিন ও উজমার যৌথ আটকাদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছিল। তবে শুনানির তারিখ নির্ধারণের আগেই কর্তৃপক্ষ সেই আটকাদেশ প্রত্যাহার করে। আলিমা খানের পৃথক আটকাদেশ বাতিলের জন্যও আইনি চেষ্টা চলছে।

এদিকে, ইমরান খানের কারাবন্দি থাকা নিয়ে গত অক্টোবর থেকে পাকিস্তানে অসন্তোষ আরও বেড়েছে। বিশেষ করে তার চিকিৎসা এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সুযোগ নিয়ে উদ্বেগের মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হাজারো মানুষ বিক্ষোভ করেন। অঞ্চলটি পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে চোখের পরীক্ষা ও চিকিৎসার জন্য ইমরান খানকে সাময়িকভাবে কারাগারের বাইরে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।