...|...|...

সারাদেশ

কারাগারে নেওয়ার পথে বাথরুমের কথা বলে পালালেন পিচ্চি রাজা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৩৬
Shares
কারাগারে নেওয়ার পথে বাথরুমের কথা বলে পালালেন পিচ্চি রাজা

শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা। ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে গেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এ ঘটনা ঘটে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজাকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নাওজোর হাইওয়ে থানার আশপাশের কোনো একটি স্থানে পৌঁছালে রাজা টয়লেটে যাওয়ার কথা বলেন।

পরে তাকে প্রিজনভ্যান থেকে নামানো হলে ওই সুযোগে তিনি পালিয়ে যান বলে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পারে কারা কর্তৃপক্ষ।

জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।

চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।