...|...|...

খেলা

কাউন্টিতে আগুন ঝরালেন খালেদ, একাই নিলেন ৫ উইকেট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৮
Shares
কাউন্টিতে আগুন ঝরালেন খালেদ, একাই নিলেন ৫ উইকেট

খালেদ আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের এশিয়ান গেমসের স্কোয়াডে থাকায় হাসান মাহমুদকে বিদায় জানিয়েছিল কেন্ট। তার জায়গায় ডানহাতি পেসের ঘাটতি বুঝতে দিলেন না আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট শিকার করে কেন্টের হয়ে আলো ছড়িয়েছেন এই পেসার।

ইংল্যান্ডের কেন্টারবুরিতে গতকাল কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ল্যাঙ্কাশায়ারকে মাত্র ১৬১ রানে অলআউট করে কেন্ট। ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। শুরু থেকেই বল হাতে দারুণ ছন্দে ছিলেন খালেদ। প্রথম স্পেলে টানা তিন ওভার মেডেন করার পর ৩০ রানে কিটন জেনিংসকে ফিরিয়ে ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

এরপর ল্যাঙ্কাশায়ারের ব্যাটিংয়ে ধস নামতে শুরু করে। পরের ওভারেই রকি ফ্লিন্টফকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন খালেদ। তার সাথে বল হাতে দারুণ সময় কাটান ম্যাট মিলনেসও। দুজনের আক্রমণে ৮২ রানেই চার উইকেট হারায় ল্যাঙ্কাশায়ার।

ম্যাটি হার্স্টকে ৩৭ রানে আউট করে তৃতীয় শিকার পান খালেদ। এর আগে ডার্বিশায়ারের বিপক্ষে কাউন্টি অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি। এবার সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেলেন। টানা দুই বলে মিচেল স্ট্যানলি ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে ফেরানোর মধ্য দিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন এই বাংলাদেশি পেসার।

সব মিলিয়ে ১৫. ওভার বোলিং করে ৪২ রান খরচায় পাঁচ উইকেট নেন খালেদ। তার বোলিংয়ে ছিল চারটি মেডেন ওভার। কেন্টের হয়ে মিলনেসও দারুণ পারফরম্যান্স করেন, ৫০ রানে চার উইকেট শিকার করেন তিনি।

তবে বল হাতে দারুণ শুরু করলেও ব্যাটিংয়ে স্বস্তিতে নেই কেন্ট। প্রথম দিন শেষে উইকেটে তাদের সংগ্রহ ১৫১ রান। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৬৮ রানে অপরাজিত থেকে লিড এনে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন জ্যাক ক্রলি।