ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ বাংলাদেশির মৃত্যুর খবর জানিয়েছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে ৫ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে চারজন কুষ্টিয়া ও একজন ঢাকার অধিবাসী।
তারা হলেন—কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী ও ঢাকার সাভারের আহমেদ বাবু।
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ গণমাধ্যমকে বলেন, উপহাইকমিশনের একজন কর্মকর্তা থানা ও মর্গে গিয়েছিলেন। তিনিসহ স্থানীয় পুলিশ এই ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।
আগুনের ঘটনায় মারা যাওয়া বাকি ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
উল্লেখ্য, বুধবার (১৯ আগস্ট) ভোরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় চার বছরের এক শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।


