গাজীপুরে কভার্ড ভ্যানে বিশেষ স্থাপন করা সিলিন্ডারে গ্যাস সরবরাহ করার অভিযোগে দুইটি ফিলিং স্টেশনে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত অভিযানে টেকনগরপাড়া এলাকার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও সাগর সৈকত ফিলিং স্টেশনকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস সরবরাহের অপরাধে মোট ৩লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে টেকনগরপাড়া এলাকার বাংলাদেশ সিএনজি ফিলিং কোং এন্ড পেট্টোল পাম্প ও সাগর সৈকত ফিলিং স্টেশনে কভার্ডভ্যানে বিশেষ ভাবে স্থাপন করা সিলিন্ডারে সিএনজি গ্যাস ভরা হচ্ছিল। এ ধরনের পদ্ধতিতে গ্যাস সরবরাহ করা ঝুঁকিপূর্ণ ও নিয়মবহির্ভূত হওয়ায় বাংলাদেশ ফিলিং স্টেশনকে ২ লক্ষ টাকা এবং সাগর সৈকত ফিলিং স্টেশনকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


