আর কত গাড়ির ওপর হামলা হলে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে বুঝতে পারব জিগ্যেস করে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, শুধু কয়েকটি নয়, শত শত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাহলে কতজন লোক কিংবা আর কত বোমা, কত গাড়ির ওপর হামলা হলে আমরা বুঝব যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে হামলার ঘটনা তুলে ধরে তিনি এ প্রশ্ন করেন।
অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেখানে আমরা মাঝেমধ্যে লক্ষ্য করি, সশস্ত্র গোষ্ঠীগুলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের ওপর শুধু হামলাই করে না, পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের উসকানি ও মদদে অনেকে নিহত ও আহত হয়েছেন। এর বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শক্ত পদক্ষেপ প্রয়োজন ছিল, তাৎক্ষণিকভাবে সে ধরনের দৃশ্যমান তৎপরতা সেটি কি ছিল?
তিনি আরও বলেন, সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি, কোথাও কোথাও সেনা ক্যাম্পে থাকা অস্ত্রের তুলনায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। আমাদের সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের হাতে এসব অস্ত্র নেই বলেও বিভিন্ন গণমাধ্যম এবং সেখানকার তথ্যসূত্রে জানতে পারছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চেয়ে এই সংসদ সদস্য বলেন, সাজেকসহ সেখানকার শিল্পখাত এবং বর্তমান পর্যটনশিল্প ধ্বংস করার পাঁয়তারার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চাই।
গতকাল সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সবশেষ গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ওপর শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, শুধু কয়েকটি নয়, শত শত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাহলে কতজন লোক কিংবা আর কত বোমা, কত গাড়ির ওপর হামলা হলে আমরা বুঝব যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?


