...|...|...

সারাদেশ

ককটেল বিস্ফোরণে মামলা দায়ের, আসামি কবরে থাকা মুক্তিযোদ্ধা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৭
Shares
ককটেল বিস্ফোরণে মামলা দায়ের, আসামি কবরে থাকা মুক্তিযোদ্ধা

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে এক বীর মুক্তিযোদ্ধাকে। সামচু ঢালী নামের ওই আওয়ামী লীগ নেতা ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন। গত ২৯ মার্চ তার মৃত্যু হলেও ৯ নভেম্বর রাতে ঘটে যাওয়া ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে তার নাম রয়েছে ২১৯ নম্বরে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে তারা সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহন ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন।

এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সামচু ঢালীর নাম।

মামলার এজাহারে মৃত ব্যক্তির নাম থাকার বিষয়টি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, ঘটনার সাড়ে সাত মাস আগে মারা যাওয়া একজন ব্যক্তি কীভাবে পরবর্তী সময়ে সংঘটিত ঘটনার মামলায় আসামি হলেন। আসামিদের নাম ও পরিচয় যাচাই-বাছাই করেই এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়েছে। কেউ কেউ বিদ্রুপ করে লিখেছেন, মৃত্যুর পরও দলীয় কর্মসূচিতে অংশ নিতে কবর থেকে উঠে এসেছেন ওই আওয়ামী লীগ নেতা!

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী জানান, তার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাকে একটি মামলার আসামি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাদের প্রশ্ন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে তার বাবার নাম প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে মামলার বাদী এসআই আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।