...|...|...

বিশেষ প্রতিবেদন

ওদের শৈশব কাটে ফুটপাতে, ভবিষ্যৎ অন্ধকারে

আল জুবায়ের বাদশা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২২
Shares
ওদের শৈশব কাটে ফুটপাতে, ভবিষ্যৎ অন্ধকারে

ছবি: এআই

রাজধানীর ব্যস্ত সড়কের পাশে ইট-পাথরের ফুটপাতই ওদের ঘর। কোথাও ছেঁড়া কাঁথা, কোথাও শক্ত কাগজ বা পলিথিন বিছিয়ে ঘুমিয়ে পড়ে শিশুগুলো। ওপরে খোলা আকাশ, পাশে ছুটে চলা গাড়ির আলো আর হর্নের শব্দ—এর মাঝেই কাটে ওদের শৈশব।

তীব্র রোদ, বৃষ্টি কিংবা শীতের রাতে নিরাপত্তাহীনতা আর ক্ষুধার সঙ্গে লড়াই করতে করতে নাগরিক কোলাহলে প্রায়ই হারিয়ে যায় ওদের বেঁচে থাকার গল্প। একটু নিরাপদ আশ্রয়, দুমুঠো খাবার আর নিশ্চিন্তে ঘুমানোর স্বপ্ন নিয়েই চলে ওদের প্রতিদিনের জীবনসংগ্রাম।

আজ ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। অথচ যে বয়সে বই-খাতা হাতে বিদ্যালয়ে যাওয়ার কথা, সেই বয়সে জীবন-জীবিকার তাগিদে প্লাস্টিক কুড়ানো, ফুল বিক্রি কিংবা ভিক্ষাবৃত্তিতে দিন পার করছে রাজধানীর অসংখ্য পথশিশু। মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে থাকায় অনিশ্চয়তার চোরাবালিতে আটকে যাচ্ছে তাদের ভবিষ্যৎ।

নিজেরাও জানে না নিজেদের ভবিষ্যৎ
মিরপুর, কমলাপুর রেলস্টেশন, গুলিস্তান, হাইকোর্ট মাজার এলাকা, কারওয়ান বাজার ও ফার্মগেট—রাজধানীর এসব চেনা জনপদের ফুটপাত ও ওভারব্রিজে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চোখে পড়ে পথশিশুদের আনাগোনা। কারও পরনে ময়লা-ছেঁড়া পোশাক, কারও পায়ে জুতাও নেই। সারাদিন ভাঙারি ও প্লাস্টিক কুড়িয়ে কিংবা সিগন্যালে গাড়ির কাচে টোকা দিয়ে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোমতে একবেলা বা দুবেলা খাবার জোটে।

মিরপুর-১ ওভারব্রিজের নিচে ফুটপাতে কথা হয় ১২ বছর বয়সী রাব্বির (ছদ্মনাম) সঙ্গে। প্রায় তিন বছর আগে অভাবের তাড়নায় ময়মনসিংহ থেকে ট্রেনে চড়ে ঢাকায় পা রাখে সে। সেই থেকে শহরের ফুটপাতই তার আশ্রয়। দিনভর প্লাস্টিকের বোতল ও ভাঙারি কুড়িয়ে ১৫০ থেকে ২০০ টাকা আয় করে রাব্বি। সে জানায়, বৃষ্টি নামলে কিংবা শীতের রাতে ছাউনির নিচে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে; তখন ভিজে বা শীতে কাঁপতে কাঁপতে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হয়। জ্বর বা অসুখ হলে ওষুধ কেনার সামর্থ্য থাকে না, আর সরকারি কোনো আশ্রয়কেন্দ্র বা সহায়তার কথাও সে কখনো শোনেনি।

একই বাস্তবতার মুখোমুখি ১০ বছর বয়সী রিমা (ছদ্মনাম)। শাহবাগ ও হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় ফুল বিক্রি করে সে। রিকশাচালক বাবা দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়ার পর সংসারের চাকা সচল রাখতে মায়ের সঙ্গে রাস্তায় নামতে হয়েছে তাকে। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই থেমে গেছে পড়াশোনা।

রাত অবধি ফুল বিক্রি করে যা পায়, তা দিয়ে মা-বাবার ওষুধ আর খাবার জোগাড় করার চেষ্টা করে রিমা। রাস্তায় চলতে গিয়ে প্রায়ই বড়দের ধমক ও নানা হয়রানির শিকার হতে হয় তাকে। জন্মনিবন্ধন না থাকায় কোনো স্কুলে বা সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকায় নাম ওঠেনি তার।

পরিসংখ্যানে কঠিন বাস্তবতা
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘পথশিশু জরিপ’-এর তথ্য বলছে, রাস্তায় বসবাসকারী শিশুদের প্রতি চারজনের মধ্যে প্রায় তিনজনই (৭১ দশমিক ৮ শতাংশ) পড়তে বা লিখতে পারে না। জরিপ অনুযায়ী, পথশিশুদের ৮২ শতাংশই ছেলে; দারিদ্র্য, পারিবারিক অশান্তি কিংবা কাজের সন্ধানে তারা রাস্তায় নেমে এসেছে।

আবাসনহীনতার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতাও তাড়া করে ফেরে এসব শিশুকে। বিবিএস ও ইউনিসেফের তথ্যমতে, রাস্তায় ঘুমানো শিশুদের প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন (৩০ শতাংশের বেশি) বিছানা বা দরজা বন্ধ করে রাখার মতো ন্যূনতম নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত। প্রায় অর্ধেক শিশু মাটিতে পাটের বস্তা, শক্ত কাগজ বা পলিথিন বিছিয়ে ঘুমায়। শিশুদের প্রতি সহিংসতার প্রতি তিনটি ঘটনার একটি (৩০ দশমিক ৪ শতাংশ) ঘটে রাতে ঘুমন্ত অবস্থায়। এ ছাড়া জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জন শিশুর মধ্যে ৮ জনই পথচারীদের দ্বারা নির্যাতন বা হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছে।

স্বাস্থ্যঝুঁকি ও সুরক্ষার ঘাটতি
অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস ও পুষ্টিকর খাবারের অভাবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে ফুটপাতের শিশুরা। জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি শিশু জানিয়েছে, জরিপের আগের তিন মাসের মধ্যে তারা জ্বর, কাশি, মাথাব্যথা ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছিল। পাশাপাশি অভিভাবকত্ব ও নিরাপদ পরিবেশের অভাবে এদের একটি অংশ জড়িয়ে পড়ছে ড্যান্ডিসহ বিভিন্ন নেশাদ্রব্যে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশকে বিপন্ন করছে।

সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু আশ্রয়কেন্দ্র ও পুনর্বাসন প্রকল্প থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জরিপের তথ্য অনুযায়ী, রাস্তায় থাকা শিশুদের সেবা প্রদান করে এমন সংস্থাগুলোর সহায়তা সম্পর্কে ৭৯ শতাংশ শিশুই অবগত নয়। জন্মনিবন্ধন বা পরিচয়পত্র না থাকায় শিক্ষা ও রাষ্ট্রীয় সুরক্ষার অনেক সুযোগ থেকেই তারা ছিটকে পড়ছে।

সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোর পর্যবেক্ষণ বলছে, কেবল দিবসকেন্দ্রিক আনুষ্ঠানিকতা বা খণ্ডকালীন উদ্যোগে ফুটপাতের শিশুদের জীবনমান বদলানো কঠিন। জন্মনিবন্ধন সহজ করা, নিরাপদ আবাসন ও কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো এবং দারিদ্র্য ও পারিবারিক সংকট মোকাবিলায় টেকসই উদ্যোগ না নিলে বিশ্ব শিশু দিবসের ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্য রাজধানীর ফুটপাতে ঘুমানো শিশুদের কাছে কেবলই কথার কথা হয়ে থাকবে।