...|...|...

খেলা

ঐতিহাসিক লড়াইয়ে ভারতকে কাঁপিয়ে দিল জাপান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৯
Shares
ঐতিহাসিক লড়াইয়ে ভারতকে কাঁপিয়ে দিল জাপান

ছবি: সংগৃহীত

জয়ের জন্য শেষ বলে জাপানের প্রয়োজন ছিল ৪ রান। অক্ষর প্যাটেলের স্টাম্পের বলটি পুল করলেও ১ রানের বেশি নিতে পারলেন না স্বাগতিক ব্যাটার শিরাই-পাতমোর। ফলে অল্পের জন্য হাতছাড়া হলো ঐতিহাসিক এক রূপকথার জয়।

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সুজুকি কাপ’-এর একমাত্র টি-টোয়েন্টিতে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। বৃষ্টির কারণে খেলা ৩ ঘণ্টা বিলম্বে শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৫ ওভারে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে জাপানি বোলারদের তোপের মুখে পড়ে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫ ওভারে ৪ উইকেটে মাত্র ৩২ রান তুলতে সক্ষম হয় ভারত।

ইনিংসজুড়ে ব্যাটাররা নিতে পেরেছেন মাত্র ২টি বাউন্ডারি। ওপেনার অভিষেক শর্মা গোল্ডেন ডাকের শিকার হন, সাঞ্জু স্যামসন ৯ ও ইশান কিষান ৩ রান করে বিদায় নেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৪ বলে ১৬ রান না করলে সংগ্রহ আরও কম হতে পারত। জাপানের চার্লি-হারা হিঞ্জ ১৭ রানে ২টি উইকেট শিকার করেন।

৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই চালায় স্বাগতিকেরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু অক্ষর প্যাটেলের আঁটসাঁট স্পিন বোলিংয়ের সামনে ৩ উইকেটে ৩০ রান তুলতে সক্ষম হয় জাপান। অধিনায়ক কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং সর্বোচ্চ ১২ ও ইতো-ডেভিস ৯ রান করেন।

পরাজয়ের স্বাদ পেলেও র‍্যাঙ্কিংয়ের ৪১ নম্বর দলটি তাদের ইতিহাসে আইসিসির প্রথম কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে খেলতে নেমে চমক দেখাল।

অন্যদিকে, হারতে বসলেও এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০তম জয় পূর্ণ করল শীর্ষে থাকা ভারত। বিশ্বের প্রথম দল হিসেবে ২৯০ ম্যাচে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল তারা।