...|...|...

খেলা

এমবাপের যে মন্তব্যে হাতছাড়া হলো ব্যালন ডি’অর, জানালেন সাবেক বিজয়ী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ৯:২২
Shares
এমবাপের যে মন্তব্যে হাতছাড়া হলো ব্যালন ডি’অর, জানালেন সাবেক বিজয়ী

কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

এমবাপের মিডিয়া কৌশলেই ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন সাবেক ফরাসি তারকা জাঁ-পিয়েরে পাপিন। ১৯৯১ সালের ব্যালন ডি’অরজয়ী এই স্ট্রাইকারের মতে, মৌসুমজুড়ে নিজের পারফরম্যান্স ও শ্রেষ্ঠত্ব নিয়ে কিলিয়ান এমবাপের প্রকাশ্য মন্তব্য এবং সংবাদমাধ্যমে অতিরিক্ত উপস্থিতি পুরস্কারের দৌড়ে তার বিপক্ষে কাজ করেছে।

২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটাভুটিতে হ্যারি কেইনের পেছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করেন এমবাপে। তালিকার তৃতীয় স্থানে ছিলেন ২০২৬ বিশ্বকাপজয়ী লামিন ইয়ামাল। আরএমসি স্পোর্টের ‘রোথেন সেঁফ্লাম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমবাপের প্রচার কৌশল নিয়ে সমালোচনা করেন পাপিন। তিনি বলেন, ‘এমবাপের বারবার সংবাদমাধ্যমে উপস্থিতি শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জয়ের প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছে।’

পাপিনের মতে, মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেই ব্যক্তিগত পুরস্কার জেতা নিশ্চিত হয় না। একজন খেলোয়াড়ের প্রকাশ্য বক্তব্য, ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের সাথে যোগাযোগের ধরনও ভোটারদের দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলতে পারে। নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে এমবাপের মন্তব্য তার পুরস্কার জয়ের দাবিকে আরও জোরালো করার পরিবর্তে উল্টো নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।

এমবাপের যোগাযোগের কৌশল নিয়ে পাপিন বলেন, ‘এমবাপের যোগাযোগের কৌশলটি তার অনেক বড় ক্ষতি করেছে। এক দিক থেকে এটি তার ব্যক্তিত্বকেই ফুটিয়ে তোলে। তবে তার গুণাবলী এবং তিনি যে ক্লাবে খেলেন, সেই হিসেবে এটি সত্যিই দুঃখজনক।’

এ সময় এমবাপের সাথে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনাও করেন সাবেক এই ফরাসি স্ট্রাইকার। সতীর্থদের সাথে আচরণ এবং দলের মধ্যে নিজের অবস্থান ধরে রাখার বিষয়ে দুজনের মধ্যে মিল খুঁজে পান তিনি।

এ বিষয়ে পাপিন বলেন, ‘এমবাপে আমাকে কিছুটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা মনে করিয়ে দেয়। বাকি সবাইকে যেন তার সেবায় কাজ করতে হতো।’

তবে ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপের ধারাবাহিক উপস্থিতি তার ব্যক্তিগত সাফল্যেরই প্রমাণ। ২০১৭ সালে সপ্তম, ২০১৮ সালে চতুর্থ, ২০১৯ সালে ষষ্ঠ, ২০২১ সালে নবম, ২০২২ সালে ষষ্ঠ, ২০২৩ সালে তৃতীয়, ২০২৪ সালে ষষ্ঠ এবং ২০২৫ সালে সপ্তম স্থানে ছিলেন তিনি। এবার দ্বিতীয় স্থান অর্জন করে নিজের ক্যারিয়ারে এই পুরস্কারের দৌড়ে সেরা অবস্থানে পৌঁছেছেন ফরাসি ফরোয়ার্ড।