বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে গড়মিলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছেন, মাহবুবা হাকিমের বিষয়ে কেউ অভিযোগ করলে, তখন তারা বিষয়টি দেখবেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা ‘এমএলএম’ ও ‘ব্যারিস্টার এট ল’ লিখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ভাগনি মাহবুবা হাকিম। অথচ তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিয়েছেন।
মাহবুবা হাকিম বলেন, আইন বিষয়ে আমি কোনো উচ্চতর ডিগ্রি নেই। আমি বুটেক্স থেকে পাশ করেছি; বিএসসি ইঞ্জিনিয়ার। হলফনামার সাথে ওই সনদই জমা দেওয়া আছে। আমি বিজ্ঞানের শিক্ষার্থী, আইন বিষয়ে আমার কোনো সনদ নেই।
শিক্ষাগত যোগ্যতা এবং জমা দেওয়া সনদের গড়মিল বিষয়ে মাহবুবা হাকিম বলেন, আমার মনোনয়নপত্র তোলা, পূরণ থেকে জমা- সবই দল করেছে। আমি শুধু পূরণ করা ফর্মে স্বাক্ষর করেছি।
মাহবুবা হাকিমের স্বীকারোক্তি নজরে আনলে ইসি মাছউদ বলেন, কেউ অভিযোগ করলে আইনিভাবে আমরা বিষয়টি দেখব। এর আগে তো কিছু বলা যাবে না। তবে কেউ মিথ্যা তথ্য দিলে আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এখন মাহবুবা হাকিম আদৌ মিথ্যা তথ্য দিয়েছেন কিনা- তা দেখতে হবে। আর এজন্যই অভিযোগ প্রয়োজন। অভিযোগ পেলে কমিশন শুনানি করবে। মাহবুবা হাকিমের বক্তব্য জানতে চাওয়া হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।


