সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে গেলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

