আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপির বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন সংসদ সদস্যরা।
বিরোধী দলীয় সংসদীয় এই টিমে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এসময় ওই বাড়িতে আটজন ছিলেন, তাদের দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসববাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম এমপি বাদী হয়ে মামলা করেছেন। আটজনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দেওয়া হয়েছে। আসামি হিসেবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে।


