...|...|...

বিশ্ব

এবার দিল্লিতে মোদিকে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, রাত ১১:০৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৩
Shares
এবার দিল্লিতে মোদিকে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করেছে তৃতীয় লিঙ্গের মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রেস ক্লাবের একটি হলে আয়োজিত অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, মোদির একটি কাটআউট রাখা হয়েছে, যেখানে তাকে রামের সাজে, মাথায় মুকুট ও হাতে ধনুক-তীরসহ উপস্থাপন করা হয়েছে। এ সময় ড. রাজন সিং, মহামণ্ডলেশ্বর বৈভাবী মহারাজসহ রূপান্তরকামী সম্প্রদায়ের কয়েকজন সদস্য ‘হর হর মোদি’ ও ‘জয় জয় মোদি’ স্লোগান দিয়ে চালিসা পাঠ ও আরতি করেন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি উৎসর্গীকৃত একটি মন্দির নির্মাণের উদ্যোগ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। তবে ওই মন্দিরের সঙ্গে কারা জড়িত বা কোথায় নির্মাণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, এই অনুষ্ঠানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এক্সে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, একটি বহিরাগত সংস্থা সংবাদ সম্মেলনের জন্য হলটি ভাড়া নিয়েছিল। কিন্তু পরবর্তীতে সেখানে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান হল বুকিংয়ের শর্ত লঙ্ঘন করেছে। বিষয়টি জানার পর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ এটিকে একজন রাজনৈতিক নেতাকে ধর্মীয় প্রতীকের সঙ্গে যুক্ত করে অতিরঞ্জিত উপস্থাপন হিসেবে সমালোচনা করেছে। অন্যদিকে কেউ কেউ এটিকে ব্যক্তিগত ভক্তি হিসেবে সমর্থন করেছেন।

এর আগেও নরেন্দ্র মোদিকে ঘিরে ধর্মীয় প্রতীক ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ছবি ধর্মীয় আয়োজনের সঙ্গে যুক্ত করা এবং ধর্মীয় অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা হয়েছে।