...|...|...

খেলা

এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম করল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৭
Shares
এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে ১০-০ গোলে হারের ধাক্কা সামলে ওঠার আগেই আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  নাগাই স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছেন রূপনা-ঋতুপর্ণারা। এই হারে দুই ম্যাচ খেলে ১৬ গোল হজম করলেও এখনো কোনো গোল করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ একাদশে ছয়টি পরিবর্তন এনে রক্ষণাত্মক কৌশলে দল নামান কোচ পিটার বাটলার। ম্যাচের ১৬ মিনিটে কিম মিন-জির গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ। এরপর গোলরক্ষক রূপনা চাকমার দুর্দান্ত কয়েকটি সেভ বাংলাদেশকে ম্যাচে রাখার চেষ্টা করলেও ৪২ মিনিটে জং দা-বিনের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় দল।

বিরতির পর কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ৫৬ ও ৫৮ মিনিটে আনিকা সিদ্দিকী পরপর দুটি ভালো সুযোগ পেলেও তা আটকে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। সুযোগ হাতছাড়ার পর শেষ ২৫ মিনিটে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

৬৫ মিনিটে চোই ইউরি, ৭৭ মিনিটে জি সো-ইউন ও ৭৯ মিনিটে ইউরি নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার। পরবর্তীতে যোগ করা সময়ে কো ইউ-জিন শেষ গোলটি করেন। আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।