...|...|...

বিশ্ব

এবার আবদুল এল-সাইয়েদের সাথে বৈঠকে বসছেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৭:২৯
Shares
এবার আবদুল এল-সাইয়েদের সাথে বৈঠকে বসছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির নাম ‘ট্রাম্পকেয়ার’ রাখার প্রস্তাব দিয়েছেন মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইয়েদ। তার এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে এল-সাইয়েদের সাথে বৈঠকে বসার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আবদুল এল-সাইয়েদের সাথে তার বৈঠক হবে। এ সময় নবনির্বাচিত সিনেটরের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি একজন বুদ্ধিমান মানুষ। তিনি ভালো কাজ করেছেন। সত্যিই খুব ভালো করেছেন।’

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ নামে পরিচিত সর্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির নাম পরিবর্তন করে ‘ট্রাম্পকেয়ার’ রাখার পরামর্শ দিয়েছিলেন এল-সাইয়েদ। তার এই প্রস্তাবকে ‘খুবই বুদ্ধিদীপ্ত’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘হয়তো আমরা মাঝামাঝি কোনো জায়গায় পৌঁছাতে পারব।’

নির্বাচনী প্রচারে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এল-সাইয়েদ। এ ইস্যুতে ট্রাম্পের সাথে তার একাধিকবার রাজনৈতিক বিরোধও হয়েছে। তবে চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোনালি রঙের একটি ‘ট্রাম্পকেয়ার’ কার্ডের ছবি প্রকাশ করেন তিনি। ওই পোস্টে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান এল-সাইয়েদ। পরে শনিবার (২১ নভেম্বর) পোস্টটির স্ক্রিনশট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ট্রাম্প।

এদিকে, কংগ্রেসে নবনির্বাচিত ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠদের সাথে একযোগে কাজ করার সম্ভাবনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, দুই পক্ষ একসাথে কাজ করলে অনেক ভালো উদ্যোগ নেওয়া সম্ভব। তবে শুরুতে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি সবকিছুতে ভেটো দেব। এরপর একপর্যায়ে তারা আলোচনায় আসতে চাইবে বলে মনে করি। তখন আমি রাজি হব। আমরা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারব, একসাথে অনেক ভালো কিছু করতে পারব।’

মধ্যবর্তী নির্বাচনের প্রচারপর্বে ট্রাম্প ও এল-সাইয়েদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছিল। সেই অবস্থান থেকে সরে এসে স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করায় দুই নেতার সম্পর্কে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

সূত্র: আল-আরাবিয়া