...|...|...

খেলা

এফএ কাপ জিতে ট্রেবলের আশা জিইয়ে রাখল ম্যানসিটি

Times Today
প্রকাশ: ১৭ মে ২০২৬, রাত ৩:১৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৪৯
Shares
এফএ কাপ জিতে ট্রেবলের আশা জিইয়ে রাখল ম্যানসিটি

ছবি- সংগৃহীত

চেলসির কঠিন প্রতিরোধ ভেঙে এফএ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। গতকাল শনিবার (১৬ মে) লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের অষ্টম শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার দল। এই জয়ের ফলে ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রাখল সিটিজেনরা।

গত মার্চে আর্সেনালকে হারিয়ে কারবাও কাপ জিতেছিল ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগেও গানার্সদের সঙ্গে তাদের ট্রফির লড়াই চলছে। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান ২ পয়েন্টের। লিগ চ্যাম্পিয়ন হতে হলে বাকি দুই ম্যাচে জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচট খাওয়ার অপেক্ষা করতে হবে সিটিকে।

গত দুই আসরের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছিল ম্যানসিটি। এবার ট্রফি জিতে সিটির ডাগআউটে কোচ পেপ গার্দিওলা তার ২০তম শিরোপার স্বাদ পেলেন, যার মধ্যে এফএ কাপ তিনটি।

ওয়েম্বলির হাইভোল্টেজ ফাইনালে শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। ম্যাচের ২৭ মিনিটে আর্লিং হালান্ড চেলসির জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের আরেকটি নিশ্চিত শট রুখে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ।

অবশেষে ম্যাচের ৭২ মিনিটে ডেডলক ভাঙে ম্যানসিটি। বার্নার্ডো সিলভার পাস থেকে বল পান হালান্ড। ডান দিক থেকে এই নরওয়েজিয়ান তারকা খুঁজে নেন আন্তোয়ান সেমেনিওকে। চেলসি ডিফেন্ডার লেভি কলউইলকে এড়িয়ে দারুণ কোনাকুনি শটে গোলরক্ষক সানচেজকে পরাস্ত করেন ঘানাইয়ান ফরোয়ার্ড সেমেনিও।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে চেলসি। ৭৭ মিনিটে ম্যানসিটির বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সমতায় ফেরা হয়নি ব্লুজদের। শেষ পর্যন্ত সেমেনিও’র ওই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ঘরোয়া ট্রেবল জয়ে সিটির মনোযোগ এখন প্রিমিয়ার লিগের দিকে। আগামী মঙ্গলবার বোর্নমাউথের মাঠে নামবে তারা। লিগ শিরোপা না পেলেও গার্দিওলা তার সম্ভাব্য বিদায়ী মৌসুম শেষ করবেন অন্তত দুটি শিরোপা নিয়ে।