...|...|...

জাতীয়

এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫১
Shares
এনআইডির জন্মতারিখ সংশোধনে ইসির নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে মাঠপর্যায়ে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে করা আবেদনগুলো উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারাই সরাসরি নিষ্পত্তি করতে পারবেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নতুন নির্দেশনার কথা সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়, জন্মতারিখ সংশোধনবিষয়ক পরিপত্র অনুযায়ী অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, এসএসসি বা সমমানের শিক্ষা সনদের (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ছাড়া) ভিত্তিতে করা আবেদনগুলো ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ে নিষ্পত্তি করা যাবে।

তবে অনিয়ম ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই কার্যক্রম কড়া নজরদারিতে রাখবে ইসি। আঞ্চলিক ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের কাজ নিয়মিত তদারক করবেন।

প্রতি মাসে লটারির বা দৈবচয়নের ভিত্তিতে প্রতিটি অঞ্চলের কর্মকর্তাদের নিষ্পত্তি করা অন্তত তিনটি আবেদন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না, তা পরীক্ষা করে প্রতিবেদন আকারে এনআইডি উইংয়ের অপারেশন বিভাগে পাঠাতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন আজ সোমবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে এনআইডি উইংয়ে পাঠাতে হবে। আর এরপর থেকে প্রতি মাসের কাজের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।