...|...|...

রাজনীতি

এখন বিএনপির ক্যাডাররাই মবতন্ত্র কায়েম করেছে: সাদিক কায়েম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৬
Shares
এখন বিএনপির ক্যাডাররাই মবতন্ত্র কায়েম করেছে: সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

‘মব কালচার’ শেষ হয়ে গেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ক্ষমতায় আসার পরপরই যে বক্তব্য দিয়েছিলেন, সেটির সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল নেই বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, বিএনপির দলীয় ক্যাডাররাই এখন সারাদেশে ‘মবতন্ত্র’ কায়েম করেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাদিক কায়েম।

পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার পর এবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে মব করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। জাতীয় পত্রিকাগুলোতে এ ঘটনায় জড়িতদের নাম ও ছবি প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সাদিক কায়েম বলেন, জিয়া মঞ্চের মহানগর সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ এবং রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি আব্দুস সালামকে ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর সময় সরাসরি দেখা গেছে।

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে ৪০ থেকে ৫০ জন ক্ষমতাসীন দলের ক্যাডার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করেছে—এমন ঘটনা নজিরবিহীন। স্থানীয় বিএনপির ক্যাডারদের ঠিকাদারি কাজ ও টেন্ডার নিয়ে অসন্তোষের কারণে এ ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

সাদিক কায়েম প্রশ্ন তোলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত নিতে কি এখন দলীয় ক্যাডারদের অনুমতি নিতে হবে? তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা বিস্ময়কর। বিশ্ববিদ্যালয়ের প্রকল্পগুলোও কি এখন ক্ষমতাসীন দলের নেতাদের নিয়ন্ত্রণে চলে যাবে—এ প্রশ্নও তোলেন তিনি।

তার ভাষ্য, রাজনৈতিক চাপ, ঘেরাও ও হুমকির মাধ্যমে যদি একজন ভিসিকে পদত্যাগ করানো যায়, তাহলে রাষ্ট্রের স্বাধীন প্রতিষ্ঠানগুলো কীভাবে স্বাধীনভাবে কাজ করবে।

বিএনপির ক্যাডারদের ‘মববাজি’কে অসভ্য আচরণ হিসেবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, সারাদেশে বিএনপির দলীয় ক্যাডাররাই ‘মবতন্ত্র’ কায়েম করেছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্যের ইন্ধনে হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার দাবি, দখল, লুটপাট, হামলা ও মব—সবই পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে করা হচ্ছে।

পুলিশ ও বিচার বিভাগও এসব ঘটনায় নিষ্ক্রিয় বা সহযোগিতামূলক ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন তিনি।

সবশেষে সাদিক কায়েম লেখেন, ‘সতেরো বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে!’