সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়। অবৈধভাবে দেশটি ছাড়ার চেষ্টায় গ্রেফতার হন আরও ২৯ জন।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা নিয়োগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে ২২ হাজার ৪৫১ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে আরও ৯ হাজার ৮০০ জনকে।
বর্তমানে সৌদি আরবের আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৩৮৩ জন এবং নারী ২ হাজার ৩৭৯ জন।
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।


