...|...|...

রাজধানী

এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, দুপুর ২:১৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০৬
Shares
এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০ অটোরিকশা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের পক্ষে অবস্থান নেওয়া একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। একইসাথে হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে একটি রাজনৈতিক দল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার অটোরিকশাচালকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তার ওই বক্তব্যের সমালোচনা করে ডিএনসিসি প্রশাসক বলেন, একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক অটোরিকশাচালকদের দাবি মেনে নেওয়ার কথা বলেছেন। পরে অনুসন্ধানে ওই নেতার ৭০০টি অটোরিকশা থাকার তথ্য পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।

শফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের একজন মানুষও নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। সেদিন কারা ছিল, বড় বড় দাঁড়ি, মাথায় টুপি, তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু ইতোমধ্যে বের হয়ে গেছে। আমরা আশা করব, এই জায়গা থেকে আপনারা বের হয়ে আসুন।’

ডিএনসিসি প্রশাসক অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও সংশ্লিষ্ট স্বার্থ নিয়ে আলোচনা চলছে।

মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত গ্রাফিতি পুনরায় আঁকার উদ্যোগ প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, ৭২ ঘণ্টার মধ্যে পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি আঁকার কাজ করা হচ্ছে।

তিনি বলেন, এ কার্যক্রমে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না। দেশের আন্দোলন-সংগ্রামে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের অবদান গ্রাফিতিতে তুলে ধরা হবে।

রাজধানীর ফুটপাত সংস্কার ও দখলমুক্ত করার বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে। সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে।

মিরপুরবাসীর সহযোগিতায় ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, পর্যায়ক্রমে ঢাকা শহরের প্রতিটি ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের হাঁটার উপযোগী করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ আবার ফুটপাত দখলের চেষ্টা করলে নগরবাসীকে সাথে নিয়ে তা প্রতিরোধ করা হবে।