...|...|...

ধর্ম

এক বছর বিরতির পর ৮ বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৮
Shares
এক বছর বিরতির পর ৮ বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারীর

মিজানুর রহমান আজহারি। ছবি: সংগৃহীত

এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে মিজানুর রহমান আজহারি লেখেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমানকাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’

মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।’

মাহফিলের সার্থকতা শুধু জনসমাগমের ওপর নির্ভর করে না উল্লেখ করে আজহারি লেখেন, ‘পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।’

কোরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদের সঠিক জীবনদর্শন শেখায়, চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।’ পোস্টের শেষে অনুসারীদের উদ্দেশে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’