স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা মাত্র একটি ম্যাচের, তবু দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির নিলামে বড় অঙ্কের অর্থ পেয়েছেন ১৮ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার জেসন রোলস। আসন্ন আসরের জন্য তাকে ২৯ লাখ র্যান্ডে, অর্থাৎ প্রায় ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটারও তিনি।
এসএ টোয়েন্টির পঞ্চম আসরের জন্য অনুষ্ঠিত মিনি নিলামে রোলসের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা কম হলেও বয়সভিত্তিক ক্রিকেটে পারফরম্যান্সের কারণে আলোচনায় এসেছেন এই প্রোটিয়া তরুণ। একই নিলামে সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি ও অলরাউন্ডার উইয়ান মুল্ডারও বড় অঙ্কের অর্থে দল পেয়েছেন। টুর্নামেন্টটি আগামী ৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।
রোলসকে নিয়ে জোবার্গ সুপার কিংসের আগ্রহের পেছনে রয়েছে তার ব্যাটিং ও বোলিংয়ের সামর্থ্য। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনেও কার্যকর তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তরুণ। সিএসএ প্রো-টোয়েন্টি কাপে ৩১ বলে ৪৫ রান করার পাশাপাশি একটি উইকেটও নিয়েছেন।
বয়সভিত্তিক ক্রিকেটে অবশ্য এরই মধ্যে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন রোলস। যুব ওয়ানডেতে ২৪ ম্যাচে দুটি সেঞ্চুরিসহ ৪২.৭৫ গড়ে করেছেন ৮৫৫ রান। বল হাতে নিয়েছেন ১৯ উইকেট। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স ছিল তার। ৭০ গড় ও ১১২ স্ট্রাইকরেটে ২৮০ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। যুব টেস্ট ক্রিকেটে রয়েছে তার ডাবল সেঞ্চুরিও।
নিলামে রোলসের পর দ্বিতীয় সর্বোচ্চ দামে দল পেয়েছেন ফাফ ডু প্লেসি। ২৭ লাখ র্যান্ডে তাকে দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস। তৃতীয় সর্বোচ্চ ২৬ লাখ র্যান্ডে উইয়ান মুল্ডারকে কিনেছে এমআই কেপ টাউন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন পেসার নাহিদ রানা। তবে শেষ পর্যন্ত কোনো দল পাননি তিনি।
রানার দল না পাওয়ার পাশাপাশি বিদেশি লিগে খেলার অনুমতিও বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় বিগ ব্যাশে খেলার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল রানাকে। এসএ টোয়েন্টিতে দল পেলেও এনওসি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, নিলামের আগেই বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এসএ টোয়েন্টিতে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। ফলে রিশাদ আসন্ন আসরে মাঠে নামতে পারলে দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের অভিষেক ঘটবে।


