...|...|...

ধর্ম

এক ওয়াক্ত নামাজও পড়েননি, তবু জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যে সাহাবি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২
Shares
এক ওয়াক্ত নামাজও পড়েননি, তবু জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যে সাহাবি

প্রতীকী ছবি

ইসলামের ইতিহাসে এমন এক সাহাবির ঘটনা রয়েছে, যিনি দীর্ঘদিন ইসলাম গ্রহণ করেননি। কিন্তু উহুদের যুদ্ধের দিন তার জীবনে ঘটে যায় এক অভাবনীয় পরিবর্তন। ইসলাম গ্রহণের পর নামাজ আদায়ের সুযোগটুকুও পাননি তিনি। এর আগেই আল্লাহর দ্বিনের জন্য যুদ্ধে অংশ নিয়ে শহীদ হন। সেই সাহাবিই পেয়েছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ।

সাহাবি আমর ইবনু সাবিত (রা.) ছিলেন মদিনার আওস গোত্রের বনু আবদুল আশহাল বংশের মানুষ। তিনি আল-উসাইরিম উপনামে পরিচিত ছিলেন। তার গোত্রের অনেকেই ইসলাম গ্রহণ করলেও তিনি দীর্ঘদিন ইসলাম থেকে দূরে ছিলেন। তবে মহান আল্লাহ যখন কাউকে হেদায়েত দান করেন, তখন তার জীবনের গতিপথ মুহূর্তেই বদলে যেতে পারে। আল-উসাইরিমের জীবনেও ঘটেছিল তেমনই এক ঘটনা।

উহুদের যুদ্ধের দিন মুসলমানরা রাসুলুল্লাহ (সা.)-এর নেতৃত্বে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। মুসলমানদের আত্মত্যাগ ও যুদ্ধের প্রস্তুতি আল-উসাইরিমের মনে গভীর প্রভাব ফেলে। একপর্যায়ে তিনি ইসলামের সত্যতা উপলব্ধি করে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। দেরি না করে ঈমান গ্রহণ করেন এবং সাথে সাথে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে চলে যান।

ইসলাম গ্রহণের পর তিনি ঘরে বসে থাকেননি। মুসলমানদের সাথে কাতারবদ্ধ হয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। একপর্যায়ে শত্রুপক্ষের আঘাতে গুরুতর আহত হন।

যুদ্ধ শেষে বনু আবদুল আশহাল গোত্রের লোকেরা নিজেদের শহীদ ও আহতদের খোঁজ করতে গিয়ে আল-উসাইরিমকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে সেখানে দেখে তারা বিস্মিত হন। কারণ, ইসলাম গ্রহণে অনিচ্ছুক আল-উসাইরিমকে তারা যুদ্ধের আগে অন্য অবস্থায় রেখে এসেছিলেন।

তারা তাকে জিজ্ঞাসা করেন, এ যে আল-উসাইরিম! তুমি এখানে কেন? তোমাকে কে নিয়ে এসেছে? তুমি কি গোত্রের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছ, নাকি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে?

মৃত্যুর সাথে লড়াই করতে থাকা আল-উসাইরিম তখন নিজের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েই এখানে এসেছি। আমি আল্লাহ ও তার রাসুলের প্রতি ঈমান এনেছি এবং ইসলাম গ্রহণ করেছি। এরপর আমার তরবারি নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সাথে যুদ্ধ করতে এসেছি। এ কথা বলার পরপরই গোত্রের লোকদের হাতের ওপর তিনি মৃত্যুবরণ করেন।

আল-উসাইরিমের ইসলাম গ্রহণের পর নামাজ আদায়ের সুযোগ হয়নি। কিন্তু ঈমান গ্রহণের পরপরই তিনি আল্লাহর দ্বিনের জন্য যুদ্ধে অংশ নিয়ে জীবন উৎসর্গ করেন। তার শাহাদাতের সংবাদ রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পৌঁছালে তিনি তার জান্নাতি হওয়ার সুসংবাদ দেন। রাসুলুল্লাহ (সা.) ঘোষণা করেন, নিশ্চয়ই সে জান্নাতবাসীদের একজন।

সাহাবি আবু হুরাইরা (রা.)-এর বর্ণনাতেও আল-উসাইরিমের এই ঘটনা উঠে এসেছে। তিনি লোকদের জিজ্ঞাসা করতেন, তোমরা কি এমন কোনো ব্যক্তির কথা জানো, যিনি কখনো নামাজ আদায় করেননি, অথচ জান্নাতে প্রবেশ করেছেন?লোকেরা যখন তার পরিচয় জানতে পারত না, তখন তিনি বলতেন, তিনি হলেন আল-উসাইরিম, বনু আবদুল আশহাল গোত্রের আমর ইবনু সাবিত। (মুসনাদে আহমদ, হাদিস : ৪০-৪১)

আল-উসাইরিমের জীবন থেকে বোঝা যায়, হেদায়েত আল্লাহর বিশেষ অনুগ্রহ। জীবনের দীর্ঘ সময় ইসলাম থেকে দূরে থাকলেও ঈমান গ্রহণের পর তার আত্মত্যাগ তাকে বিশেষ মর্যাদায় পৌঁছে দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান, ইখলাস ও তার সন্তুষ্টির পথে জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।