...|...|...

শিক্ষা

একাদশে ভর্তির শেষ ধাপ শুরু আজ, সুযোগ পাবেন যারা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪০ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৬
Shares
একাদশে ভর্তির শেষ ধাপ শুরু আজ, সুযোগ পাবেন যারা

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে সোমবার। এ ধাপে আবেদন করা যাবে মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত।

আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি কিংবা নির্বাচিত হয়েও নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চায়ন করতে পারেনি- এমন শিক্ষার্থীরা শেষ ধাপে আবেদনের সুযোগ পাবে।

রবিবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তৃতীয় ও শেষ ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল রবিবার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ২ ও ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি হতে হবে।

এবার একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির তৃতীয় ধাপকেই সর্বশেষ ধাপ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, শেষ ধাপে আবেদন করতে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসন বিবেচনায় পছন্দক্রমে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে। এ ক্ষেত্রে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে।

তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম সংশোধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আবেদন কিংবা ভর্তি প্রক্রিয়ায় ভুলের কারণে কোনো জটিলতা তৈরি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।