...|...|...

ধর্ম

এক দোয়াতেই পূরণ হতে পারে সব আশা-আকাঙ্ক্ষা, জেনে নিন এর ফজিলত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৫
Shares
এক দোয়াতেই পূরণ হতে পারে সব আশা-আকাঙ্ক্ষা, জেনে নিন এর ফজিলত

ছবি: সংগৃহীত

মানবজীবনের সার্থকতা ও সফলতা কেবল জাগতিক চাওয়া-পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আত্মিক উন্নয়ন, নৈতিক জীবনের চর্চা এবং পরকালীন প্রস্তুতির সমন্বয়েই গড়ে ওঠে একটি পূর্ণাঙ্গ জীবন। মানুষ জীবনে অনেক কিছু চায়—সঠিক পথ, রিজিক, সুস্থতা, নিরাপত্তা, পরিবারে শান্তি, সম্পদে বরকত এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর সাহায্য। কিন্তু সব প্রয়োজনকে যদি একটি দোয়ায় একত্র করা হয়, তবে হাদিসে বর্ণিত এই দোয়াটি তার অন্যতম সুন্দর উদাহরণ।

এতে বান্দা শুধু কিছু চায় না; বরং নিজের হেদায়াত, নিরাপত্তা, জীবন-জীবিকা, তাকদির এবং পরিণতি—সবকিছু আল্লাহর হাতে সমর্পণ করে। দোয়াটি হলো,

اللهمَّ اهدِنا فيمَن هدَيت، وعافِنا فيمَن عافيت، وتولَّنا فيمَن تولَّيت، وباركْ لنا فيما أعطيت، وقِنا شرَّ ما قضيت، إنك تَقضي ولا يُقضى عليكَ، إنه لا يَذِلُّ مَن والَيت، ولا يَعزُّ مَن عاديت، تباركت ربَّنا وتعالَيت

উচ্চারণ : আল্লাহুম্মাহদিনা ফীম্যান হাদাইত, ওয়া ‘আফিনা ফীম্যান ‘আফাইত, ওয়া তাওয়াল্লানা ফীম্যান তাওয়াল্লাইত, ওয়া বারিক লানা ফীমা আ‘তাইত, ওয়া কিনা শাররা মা কাদাইত। ইন্নাকা তাকদী ওয়া লা ইউকদা ‘আলাইকা। ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, ওয়া লা ইয়া‘ইয্যু মান ‘আদাইত। তাবারাকতা রাব্বানা ওয়া তা‘আলাইত।

অর্থ : ‘হে আল্লাহ! আপনি যাদের হেদায়াত দিয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে আমাদেরও হেদায়াত দিন। আপনি যাদের নিরাপত্তা ও সুস্থতা দিয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে আমাদেরও নিরাপত্তা ও সুস্থতা দিন। আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন, তাদের অন্তর্ভুক্ত করে আমাদেরও অভিভাবকত্ব গ্রহণ করুন।

আপনি আমাদের যা দিয়েছেন, তাতে আমাদের জন্য বরকত দান করুন। আপনি যে ফয়সালা করেছেন, তার অনিষ্ট থেকে আমাদের রক্ষা করুন। নিশ্চয়ই আপনিই ফয়সালা করেন; আপনার বিরুদ্ধে কেউ ফয়সালা করতে পারে না। আপনি যার অভিভাবক হন, সে কখনো অপমানিত হয় না; আর আপনি যার বিরোধিতা করেন, সে কখনো সম্মানিত হতে পারে না। হে আমাদের প্রতিপালক! আপনি বরকতময় ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১৪২৫; সুনানে তিরমিজি, হাদিস : ৪৬৪; সুনানে নাসায়ি, হাদিস : ১৭৪৬)

জাগতিক জীবনের প্রতিটি পদে সফল হতে হলে যেমন প্রয়োজন দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা, তেমনই প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ ও সৎ আমলের অভ্যাস গড়ে তোলা। তবেই ইহকালের শান্তি এবং পরকালের চূড়ান্ত সাফল্য অর্জন করা সম্ভব।