২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজগুলোর নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার নামসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ পরীক্ষার প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।
নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআরের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। অন্যদিকে, উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসরণ করে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার কেন্দ্র তদারকির দায়িত্বে থাকবেন জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ছাড়া এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। তবে ওই প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।


