চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক কর্মপরিকল্পনায় এই তথ্য জানানো হয়।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ডিসেম্বরে অনুষ্ঠেয় এই সম্পূরক পরীক্ষায় মূলত এক বা দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। ফল পুনর্নিরীক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, সম্পূরক পরীক্ষার জন্য আগামী ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। প্রশ্নপত্র তৈরি সাপেক্ষে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে এর ফলাফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে চলবে। পুনর্নিরীক্ষার যাবতীয় মূল্যায়ন ও যাচাই-বাছাই শেষে আগামী ২৭ নভেম্বর ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

