প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ফার্মেসি উৎসব ‘ফার্মানেক্সট ৩.০’।
ফার্মেসি বিভাগের ৪২তম ব্যাচের উদ্যোগে আয়োজিত তিন দিনের এই উৎসবের সমাপনী অনুষ্ঠান শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
‘দ্য ফিউচার অব ফার্মা স্টার্টস হিয়ার’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবের শেষ দিনের কার্যক্রম শুরু হয় ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার মাধ্যমে। ক্যাম্পাসে ফিরে তারা পুরোনো দিনের স্মৃতিচারণ করেন। এরপর উপস্থিত সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রাঙ্গণে শুরু হয় সমাপনী অনুষ্ঠানের মূল পর্ব। এতে ফার্মেসিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। আয়োজক ব্যাচের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লাবিবা আব্দুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য দেন।
বক্তব্য পর্ব শেষে আয়োজক ব্যাচের শিক্ষার্থীরা অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে অতিথিরা ৪২তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
আনুষ্ঠানিকতা শেষে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সংগীত পরিবেশন করে ‘ব্রাদার মিজান’। সবশেষে মঞ্চে আসে ব্যান্ড ‘লালন’। তাদের সংগীত পরিবেশনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় ফার্মানেক্সট ৩.০-এর সমাপনী আয়োজন।

