...|...|...

শিক্ষা

এইচএসসিতে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১:১১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৭
Shares
এইচএসসিতে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। এ বছর পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ১৩৯ কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে এবং ২৯৩ কলেজে একজনও পাস করেনি। সারাদেশে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।

সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হয়। সব বোর্ডে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

পুনর্নিরীক্ষণের আবেদন অনলাইনে করতে হবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও আবেদনপ্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।