...|...|...

শিক্ষা

এইচএসসিতে ফেল করাদের চীন-জাপান-কোরিয়ায় সম্মানজনক চাকরির প্রস্তাব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ১০:৪০
Shares
এইচএসসিতে ফেল করাদের চীন-জাপান-কোরিয়ায় সম্মানজনক চাকরির প্রস্তাব

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণসাক্ষরতা অভিযান’।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে এই প্রস্তাবনা তুলে ধরা হয়।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সুপারিশমালা তৈরি করে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষার্থীদের রুচি ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় কারিগরি শিক্ষা, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং নার্সিং খাতে জোর দেওয়া প্রয়োজন।

প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক সনদ, ইন্টার্নশিপ ও চাকরির সুবিধার পাশাপাশি আত্মকর্মসংস্থানে সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ চিরস্থায়ী করতে একটি সমন্বিত নীতিমালা তৈরির প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া ব্যর্থতার কারণে সৃষ্ট মানসিক চাপ কাটাতে মানস সামাজিক পরামর্শ (কাউন্সেলিং) চালুর ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন এবং নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ।

গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারা দেশে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।