টাঙ্গাইলের মধুপুরে সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল রানা (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর বাজারের একটি পোলট্রি খামারের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৫ জুলাই ওই নারী বিয়ে হয় রাসেল রানার সাথে। তাদের মধ্যে দুই লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। পরবর্তী সময়ে দাম্পত্য কলহের জেরে ২০২৪ সালের ১ মে ওই নারী তার স্বামী রাসেলকে তালাক দেন। পরে ২০২৫ সালের ১ নভেম্বর তিনি দ্বিতীয় বিয়ে করেন।
অভিযোগ রয়েছে, চলতি বছরের জুলাই মাসে রাসেল তার সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি তৈরি করেন। পরে সেসব ছবি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পুলিশ জানায়, পরবর্তী সময়ে রাসেল কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে বিভিন্ন সময়ে ওই নারীকে উত্ত্যক্ত করতে থাকেন। পাশাপাশি একটি বিকাশ নম্বর দিয়ে ১০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। পরে ওই নারী ও তার বর্তমান স্বামী টাকা দিতে অস্বীকৃতি জানালে রাসেল ওই পর্নোগ্রাফিক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৭ আগস্ট মধুপুর থানায় অভিযোগ করেন। পরে মৌলভীবাজার মডেল থানা-পুলিশের সহায়তায় বুধবার রাতে নাদামপুর বাজারের একটি পোলট্রি খামারের স্টাফ কোয়ার্টার থেকে রাসেলকে গ্রেফতার করা হয়।
পরে তাকে মৌলভীবাজার থেকে টাঙ্গাইলে এনে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মধুপুর থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


