...|...|...

চাকরি

এআইয়ের যুগে চাকরির প্রস্তুতি, তরুণদের জন্য জাতিসংঘের যে পরামর্শ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৩
Shares
এআইয়ের যুগে চাকরির প্রস্তুতি, তরুণদের জন্য জাতিসংঘের যে পরামর্শ

এআইয়ের যুগে বদলাচ্ছে চাকরির বাজার। ছবি: এআই জেনারেটেড

প্রযুক্তির দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার এবং কর্মক্ষেত্রে দক্ষতার নতুন চাহিদা ভবিষ্যতের চাকরির বাজারকে আরও অনিশ্চিত করে তুলছে। এমন বাস্তবতায় তরুণদের কীভাবে নিজেদের প্রস্তুত করা উচিত, তা নিয়ে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে জাতিসংঘের সাম্প্রতিক আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের কর্মক্ষেত্রে শুধু একটি নির্দিষ্ট পেশার দক্ষতা থাকলেই চলবে না। বরং দ্রুত পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা, নিয়মিত নতুন কিছু শেখার মানসিকতা এবং এআই ব্যবহারের দক্ষতা তরুণদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

পাঁচ বছরে বদলাতে পারে ৪০ শতাংশ দক্ষতার চাহিদা

বিশ্ব অর্থনৈতিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০ শতাংশ দক্ষতার চাহিদা পরিবর্তিত হতে পারে। ফলে কর্মজীবনে টিকে থাকতে তরুণদের একবার দক্ষতা অর্জন করে থেমে না থেকে নিয়মিত নিজেদের নতুন দক্ষতায় সমৃদ্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কোন পেশা এআইয়ের কারণে কম ঝুঁকিতে থাকবে- শুধু এই হিসাব করে ক্যারিয়ার বেছে নেওয়া ঠিক নয়। যোগাযোগ, দলগতভাবে কাজ করা, সমস্যা সমাধান, বিশ্লেষণী চিন্তা এবং প্রযুক্তি ব্যবহারের মতো বহুমুখী দক্ষতা গড়ে তোলাও জরুরি।

এআই হবে সহকারী, বিকল্প নয়

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগের জ্যেষ্ঠ সহযোগী পরিচালক ফ্রান্সেসকা ফানেলির মতে, এআই ব্যবহারের সক্ষমতা এখন নিজেই একটি গুরুত্বপূর্ণ কর্মদক্ষতা। নিয়োগদাতারা নতুন কর্মীরা বিভিন্ন এআই টুল কার্যকরভাবে ব্যবহার করতে পারেন কি না, সেটিও বিবেচনা করছেন।

চাকরিপ্রার্থীরা চাকরির বিজ্ঞপ্তি বিশ্লেষণ, নিয়োগদাতার চাহিদা বোঝা, জীবনবৃত্তান্ত ও কভার লেটার তৈরির পাশাপাশি সাক্ষাৎকারের প্রস্তুতিতেও এআইয়ের সহায়তা নিতে পারেন। তবে এআই দিয়ে তৈরি আবেদনপত্রে প্রার্থীর নিজের অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব ফুটে ওঠা জরুরি।

বাংলাদেশের তরুণদের জন্য কেন গুরুত্বপূর্ণ

বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ উচ্চশিক্ষা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করছেন। কিন্তু দক্ষতার ঘাটতি, বাস্তব অভিজ্ঞতার অভাব এবং শিক্ষার সাথে চাকরির বাজারের চাহিদার অসামঞ্জস্যের কারণে অনেকেই চ্যালেঞ্জের মুখে পড়ছেন।

আইসিটি, ফ্রিল্যান্সিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, স্বাস্থ্যসেবা ও কারিগরি খাতে নতুন সুযোগ তৈরি হলেও যোগাযোগ, ইংরেজি, তথ্য বিশ্লেষণ এবং এআই ব্যবহারের দক্ষতার গুরুত্বও বাড়ছে। তাই শুধু একাডেমিক ডিগ্রির ওপর নির্ভর না করে ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবামূলক কাজ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক রিদওয়ানুল হক বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে কারিগরি শিক্ষার বিস্তার গুরুত্বপূর্ণ। সব খাতে এআই একইভাবে প্রভাব ফেলবে না। তাই প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি কারিগরি শিক্ষার মান বাড়ানো গেলে পরিবর্তিত চাকরির বাজারে তরুণদের মানিয়ে নেওয়া সহজ হবে।

বিডিজবসের নির্বাহী পরিচালক ফাহিম মাশরুরের মতে, কর্মজীবনের প্রস্তুতি শিক্ষাজীবন থেকেই শুরু করা প্রয়োজন। শিক্ষার্থীদের এআই ব্যবহারে দক্ষ করে তোলার পাশাপাশি কর্মজীবীদেরও নিয়মিত নতুন দক্ষতা শেখার অভ্যাস গড়ে তুলতে হবে।

‘স্বপ্নের চাকরি’ নিয়েও বাস্তবসম্মত হওয়ার পরামর্শ

তরুণদের সব প্রত্যাশা পূরণ করবে- এমন ‘পারফেক্ট চাকরি’ খুঁজতে গিয়ে অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন ফানেলি। তার মতে, কোনো চাকরি হয়তো আর্থিক স্থিতিশীলতা দেবে, আবার জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিবার, বন্ধুত্ব, সমাজ বা ব্যক্তিগত আগ্রহ থেকে পূরণ হতে পারে।

তাই ভবিষ্যতের চাকরির বাজারে সফল হতে নির্দিষ্ট একটি চাকরির পেছনে ছুটার পাশাপাশি শেখার সক্ষমতা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা ও পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলাই তরুণদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি।