বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের নতুন ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে থাকা এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে সরকারের এই উপবৃত্তি ও সহায়তা তহবিলের সুযোগ পাবেন। নতুন অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে অনলাইন পোর্টালে প্রোফাইল তৈরির ইউজার আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
একই আদেশে আগে উপবৃত্তি কার্যক্রমের আওতায় থাকা আরও ৮টি প্রতিষ্ঠানকে পাসওয়ার্ড পুনরুদ্ধার করে দ্রুত কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রতিষ্ঠানের কারিগরি কোড-সংক্রান্ত জটিলতা থাকায় ভোলার ব্যাংকেরহাট কো-অপারেটিভ (ডিগ্রি) কলেজের অন্তর্ভুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। বোর্ড থেকে নতুন কোড পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে কারিগরি উপবৃত্তি কার্যক্রমে যুক্ত করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।


