বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের পারিবারিক পদবি নিয়ে এত দিন অনেকের ধারণা ছিল ভুল। ফুটবলপ্রেমীদের কাছে ‘ইয়ামাল’ তার সারনেম হিসেবে পরিচিত হলেও এটি আসলে তার পারিবারিক পদবি নয়। সম্প্রতি ছেলের আসল পদবি প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করেছেন তার বাবা মুনির নাসরাউই।
স্প্যানিশ লিগে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের জয়ের পর মাঠের বাইরে এক লাইভ সম্প্রচারে এ তথ্য জানান মুনির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘আমি আপনাদের এমন একটি সত্যি জানাতে চাই, যা অনেকেই ভুল বোঝেন। লামিনে ইয়ামাল কোনো পারিবারিক পদবি নয়। তার আসল পারিবারিক পদবি হলো নাসরাউই এবানা। বিষয়টি আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়।’
ছেলের সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই উচ্ছ্বাস প্রকাশ করেন মুনির নাসরাউই। এবার ছেলের নামের পরিচয় নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করলেন তিনি।
২০০৭ সালের জুলাইয়ে বার্সেলোনার শহরতলিতে জন্ম ইয়ামালের। তার বাবা মুনির নাসরাউই মরক্কোর নাগরিক এবং মা শেইলা এবানা বিষুবীয় গিনির বাসিন্দা।
মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হয়েছেন ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও এগিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি ব্যালন ডি’অর র্যাংকিংয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন এই স্প্যানিশ তরুণ।


