ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নূরুস সাবিহা সভানেত্রী এবং আলেমা মাফরুহা সম্পাদিকা নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মারকাজ ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা ও নতুন নেতৃত্বের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, 'সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে নারীর সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'
বিশেষ অতিথির বক্তব্যে দলটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, 'পশ্চিমা ধারণার আলোকে নারীর অধিকার ও মর্যাদা নির্ধারণ করতে গিয়ে নারীকে অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।' দেশের নারী সমাজকে সচেতন করতে সংগঠনটিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কমিটির দায়িত্বে যারা
নতুন কমিটিতে সহসভানেত্রী হয়েছেন জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার। সহসম্পাদিকা হাফেজা বুশরা এবং সাংগঠনিক সম্পাদিকা হিসেবে রেক্সোনা জাহান জুবাইদা দায়িত্ব পেয়েছেন।
ছাত্রী সংগঠন পরিচালিকার দায়িত্ব দেওয়া হয়েছে মারিয়া কামালকে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখার জন্য আলাদা দায়িত্ব বণ্টন করা হয়—বিশ্ববিদ্যালয় শাখায় আফরোজা জান্নাত, কওমি মাদরাসায় আলেমা রাফিয়া আহমাদ, আলিয়া মাদরাসায় সায়মা জান্নাত, কলেজে হাফিজা খাতুন এবং স্কুল শাখায় ফারজানা নাদিরা দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা মরিয়ম আক্তার রূপা, প্রশিক্ষণ সম্পাদিকা হালিমাতুস সাদিয়া, দপ্তর সম্পাদিকা নেবিন্নাহার, অর্থ সম্পাদিকা খাদিজাতুল কুবরা, প্রচার ও দাওয়াহ সম্পাদিকা মোসাম্মাৎ তাহেরা বেগম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা সৈয়দা নায়লা কারীম এবং যোগাযোগ সম্পাদিকা পদে মোর্শেদা বেগম নির্বাচিত হয়েছেন। কমিটিতে ৯ জনকে সাধারণ সদস্য করা হয়েছে।

