...|...|...

অর্থনীতি

ইসলামি ব্যাংকগুলোর জন্য সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১১:৩০
Shares
ইসলামি ব্যাংকগুলোর জন্য সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

ইসলামি ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলা এবং শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ বাড়াতে ৩২ হাজার কোটি টাকার বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক ইস্যুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরে এ সুকুক ছাড়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। এর মাধ্যমে ইসলামি ব্যাংকগুলোর বিনিয়োগের নতুন সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসা ও অবকাঠামো খাতে অর্থায়ন বাড়বে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ।

তিনি বলেন, ইসলামি অর্থায়ন খাতের বিকাশ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সুকুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈশ্বিক অর্থনৈতিক বিভাজনের কারণে বিদেশি অর্থায়ন ক্রমেই ব্যয়বহুল ও কঠিন শর্তসাপেক্ষ হয়ে উঠছে। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ অর্থায়নের উৎস শক্তিশালী করা জরুরি।

কবির আহমেদ জানান, বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ বর্তমানে মাত্র শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। আন্তর্জাতিক ইসলামি অর্থায়ন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। পরিকল্পিত সুকুক ইস্যু সেই বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে। একই সাথে ইসলামি ব্যাংকগুলোর বিনিয়োগের সুযোগ বাড়বে এবং তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে ডেপুটি গভর্নর বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পাঁচটি দুর্বল ইসলামি ব্যাংক একীভূত করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি ইসলামি ব্যাংকিং খাতের সুশাসনসংক্রান্ত দুর্বলতা দূর করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বতন্ত্র ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।

ইসলামি ব্যাংকিং খাতের তদারকি জোরদার করতে পৃথক ‘ইসলামি ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি’ বিভাগ এবং একটি শীর্ষ শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি মুরাবাহা, বাই এবং হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলকের মতো গুরুত্বপূর্ণ ইসলামি অর্থায়ন পদ্ধতির পরিচালন নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে। সংশোধন করা হচ্ছে অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও নিয়ন্ত্রণসংক্রান্ত নির্দেশিকাও।

আর্থিক খাতের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিশেষ পরিদর্শন কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

ইসলামি ব্যাংকিংয়ের নামে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না উল্লেখ করে কবির আহমেদ বলেন, ‘ইসলামি ব্যাংকিংয়ের নামে আর্থিক খাতে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’

ইসলামি ব্যাংকগুলোর অর্থায়ন কার্যক্রম বহুমুখী করার ওপরও গুরুত্ব দেন ডেপুটি গভর্নর। তিনি বলেন, অল্পসংখ্যক বড় করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে ঋণ বিতরণ সীমাবদ্ধ না রেখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষি এবং গ্রামীণ অর্থনীতির উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে হবে।

আনুষ্ঠানিক ঋণসুবিধার বাইরে থাকা আঞ্চলিক উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান তিনি। উৎপাদনশীল খাত ও ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন বাড়ানো গেলে ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি কমবে। এতে আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও টেকসই ইসলামি ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।