ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি বলেছেন, যুক্তরাষ্ট্রের সমস্যা ইসলামি বিপ্লব নয়, বরং ইরানের শক্তিশালী ও স্বাধীন সভ্যতা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে তিনি এ কথা বলেন।
শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, প্রাচীন গ্রিসের প্রতিরোধকে প্রশংসা করা হলেও ইরানিদের একই ধরনের দৃঢ়তাকে ‘মৃত্যু-পূজারি গোষ্ঠী’ বলে হেয় করা হচ্ছে। তাঁর মতে, নিজেদের ক্ষেত্রে প্রতিরোধের প্রশংসা আর অন্যদের ক্ষেত্রে তা অবজ্ঞা করা দ্বিচারিতা।
এর আগে এথেন্স সফরের সময় রুবিও প্রাচীন গ্রিস ও পারস্যের মধ্যকার সংঘাতের সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের বর্তমান উত্তেজনার তুলনা করেছিলেন। তাঁর ওই বক্তব্যের সমালোচনা করে ভেলায়াতি বলেন, হিরোশিমা, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে ভয়াবহ বিপর্যয় ঘটানো যুক্তরাষ্ট্রের অন্যদের নৈতিকতা নিয়ে উপদেশ দেওয়ার অধিকার নেই।
তিনি আরও বলেন, প্রতিরোধকে নিজের ক্ষেত্রে প্রশংসা করা এবং অন্যের ক্ষেত্রে হেয় করা কোনো সভ্যতার পরিচয় নয়; বরং এটি অসততার প্রকাশ।


