ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ। তাঁর মতে, ফিলিস্তিনি ও ইসরায়েলি ইহুদি—উভয় জনগোষ্ঠীর শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা জরুরি।
রবিবার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার প্রশ্ন করেন, বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল কেন তার জাতীয় পরিচয় ত্যাগ করবে।
জবাবে এল-সায়েদ বলেন, ফিলিস্তিনিদের কথাও মনে রাখা গুরুত্বপূর্ণ। তাদের অনেকের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে পবিত্র ভূমিতে বসবাস করছে। দীর্ঘদিন ধরে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তারা দেখছেন, ইসরায়েলি রাষ্ট্রের সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া। কোনো রাষ্ট্রকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিকদের সমান অধিকারের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।
এল-সায়েদের ভাষায়, ফিলিস্তিনি ও ইসরায়েলি ইহুদিদের জন্য সমানভাবে শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য। এটি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরোধিতা নয়; বরং সবার জন্য একই নীতি ও অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন।
এ সময় জাতিগত বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ধারণারও বিরোধিতা করেন নবনির্বাচিত এই মার্কিন সিনেটর।


