ভারতীয় নৌবাহিনীর বারাক পয়েন্ট ডিফেন্স মিসাইল সিস্টেম আধুনিকায়নের জন্য ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সাথে ১ হাজার ৯৭৬ কোটি রুপির চুক্তি করেছে ভারত। ডলারে যার মূল্য প্রায় ২১ কোটি ১৪ লাখ ৮০ হাজার।
বুধবার (১৮ নভেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনীর বারাক পয়েন্ট ডিফেন্স মিসাইল সিস্টেমের আধুনিকায়ন এবং পুরোনো হয়ে যাওয়া প্রযুক্তি ব্যবস্থাপনার কাজ করা হবে।
ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দেশটির সবচেয়ে বড় রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। এর মধ্যে হেরন টিপি ড্রোনও রয়েছে।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বোয়াজ লেভি এর আগে বলেছেন, গাজায় ইসরায়েলের হামলায় হেরন ড্রোন ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছে। এর মধ্যে আক্রমণাত্মক অভিযানও ছিল।
বারাক পয়েন্ট ডিফেন্স মিসাইল সিস্টেমকে আইএআই ‘যুদ্ধে পরীক্ষিত’ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বাজারজাত করে।
কোম্পানিটির দাবি, এই প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন, যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।


