ইসরায়েলকে ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরায়েলের মোকাবিলায় পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইসরায়েলকে নিয়ে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান এমন সময়ে এলো, যখন সৌদি আরব ও তুরস্ককে নিয়ে নতুন একটি সামরিক জোট গঠনের উদ্যোগের কথা সামনে এসেছে।
খাজা আসিফ বলেন, ইসরায়েলের বিষয়ে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলকে তিনি পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবেও উল্লেখ করেন।
ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ১৯১৭ সালের ব্রিটিশ বেলফোর ঘোষণার কথা উল্লেখ করেন। বেলফোর ঘোষণার ধারাবাহিকতায় ১৯৪০-এর দশকে ইসরায়েলকে একটি ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
খাজা আসিফ বলেন, ইসরায়েল ওই অঞ্চলের যেকোনো দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে। ইসরায়েলের নেতৃত্বে পরিবর্তন এলেও দেশটির প্রতি অবস্থানে পরিবর্তন আসবে না।
তিনি আরও বলেন, জেরুজালেমে ক্ষমতায় যে-ই আসুক, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার পার্থক্য খুব বেশি হবে না। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলিদের অবস্থান এবং ইসলামবিদ্বেষী মনোভাবও পরিবর্তন হবে না।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরিতে ভূমিকা রাখছে। ফিলিস্তিন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল


